রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
October 31, 2026
বিনোদন
বিনোদন

শৌচাগারে পড়ে ছিল বলিউড নির্মাতার নিথর দেহ, জানতেন না স্ত্রী-সন্তান

Published: October 31, 2026 at 10:01 AM
শৌচাগারে পড়ে ছিল বলিউড নির্মাতার নিথর দেহ, জানতেন না স্ত্রী-সন্তান

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের খ্যাতনামা পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক সঞ্জয় গুপ্ত। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো আলোচিত থ্রিলার সিনেমা নির্মাণ করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে জানা গেছে, বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার গভীর রাতে শৌচাগারে গিয়ে পড়ে যান সঞ্জয়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। ওই সময় বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান থাকলেও তারা ঘুমিয়ে থাকায় দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। সকালে বিষয়টি জানাজানি হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 


যদিও কয়েকটি প্রতিবেদনে শৌচাগারের পরিবর্তে রান্নাঘরে পড়ে যাওয়ার কথাও বলা হয়েছে। ফলে দুর্ঘটনার প্রকৃত স্থান ও পরিস্থিতি নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে।


সঞ্জয় গুপ্তের মৃত্যুতে বলিউডের অপরাধ ও অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জগতে তৈরি হলো এক শূন্যতা। হিন্দি সিনেমায় অপরাধনির্ভর গল্প ও শহুরে থ্রিলারকে ভিন্ন মাত্রা দেওয়ার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। নির্মাতা হিসেবে কঠোর বাস্তবধর্মী কাহিনি, তীক্ষ্ণ সংলাপ, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং নিজস্ব নির্মাণশৈলীর জন্য পরিচিত ছিলেন তিনি।


১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে সঞ্জয় গুপ্তের। এতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। পরবর্তী সময়ে এই অভিনেতার সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেন তিনি। তাঁদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) ও ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ (২০০৭)।


বিশেষ করে ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ১৯৯১ সালে মুম্বাইয়ের লোখন্ডওয়ালা কমপ্লেক্সে সংঘটিত আলোচিত বন্দুকযুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল ছবিটি। সিনেমাটির প্রযোজনা ও চিত্রনাট্য রচনার দায়িত্বেও ছিলেন সঞ্জয়।


এরপর ২০১৩ সালে পরিচালনা করেন ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত এই অপরাধনির্ভর সিনেমাটিও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। এ ছাড়া ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জজবা’ (২০১৫) এবং হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ (২০১৭) তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা।