রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 07, 2026
বিনোদন
বিনোদন

চিরকুমারী সংঘ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করলেন পারশা মাহজাবিন

Published: November 07, 2026 at 12:29 PM
চিরকুমারী সংঘ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করলেন পারশা মাহজাবিন

হঠাৎ বিয়ের খবর প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবিন। তবে বিয়ের ঘোষণা দিলেও স্বামীর পরিচয় প্রকাশ করেননি তিনি। এমনকি বিয়ের ছবিতেও বরের মুখ ফুল দিয়ে ঢেকে রেখেছেন এই শিল্পী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে কৌতূহল।

পারশা জানিয়েছেন, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আকদ সম্পন্ন হয়েছে। ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পরিবারের সদস্যরা। তবে আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

বরের পরিচয় গোপন রাখার কারণ জানিয়ে পারশা বলেন, নাম প্রকাশ করলে সবাই তাঁকে চিনে ফেলবেন। তাই আপাতত স্বামীর পরিচয় সামনে আনতে চান না তিনি।

তবে বরের মুখ ফুল দিয়ে ঢেকে রাখার বিষয়টি নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন এই সংগীতশিল্পী। তাঁর মতে, নারীর মুখ ঢাকা স্বাভাবিক হিসেবে বিবেচিত হলে পুরুষের মুখ ঢাকা নিয়ে এত কৌতূহল কেন?


বিয়ের খবর জানিয়ে নিজের ফেসবুক পোস্টে মজার ছলে পারশা লিখেছেন, ‘চিরকুমারী সংঘ থেকে আনুষ্ঠানিক পদত্যাগ!’ পোস্টের সঙ্গে বিয়ের ছবি প্রকাশ করলেও বরের মুখ আড়ালেই রেখেছেন তিনি।

বরের পরিচয় গোপন রাখার বিষয়ে পোস্টে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো।’ একই সঙ্গে বরের পরিচয় জানতে চেয়ে তাঁকে কিংবা তাঁর পরিবারকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন এই শিল্পী।

জানা গেছে, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাঁদের পরিচয় হয়। জীবনসঙ্গী হিসেবে বাবার মতো নিরাপদ ও যত্নশীল একজন মানুষকে খুঁজেছেন বলে জানিয়েছেন পারশা। সেই প্রত্যাশার মানুষকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন তিনি।

বিয়ের খবর প্রকাশের পর পারশাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে কবে প্রকাশ্যে আসবে তাঁর স্বামীর পরিচয়, তা নিয়ে এখনো রয়েছে কৌতূহল।