আজকাল অনেকেই চা কিংবা মিষ্টির ক্ষেত্রে সাদা চিনির বদলে গুড় বেছে নিচ্ছেন। অনেকের ধারনা ,প্রাকৃতিক জিনিস মানেই শরীরের জন্য দারুণ উপকারী। কিন্তু আসলেই কি তাই? এ নিয়ে অনেকের প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা বলছেন, সাদা চিনির পুরোটাই কারখানায় পরিশোধন করে তৈরি সুক্রোজ। অন্যদিকে, গুড় কম পরিশোধন করা হয় বলে এতে সামান্য আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে। কিন্তু গুড়ের মধ্যেও ৬৫ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত সুক্রোজ থাকে। অর্থাৎ, নাম আর রং আলাদা হলেও গুড় আসলে চিনিরই আরেক রূপ।
গুড় খেলে কি রক্তে হিমোগ্লোবিন বাড়ে?
অনেকের ধারণা, রোজ এক টুকরো গুড় খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সামান্য গুড়ে যেটুকু আয়রন থাকে, তা শরীরের চাহিদা মেটানোর জন্য একদমই যথেষ্ট নয়। তাই শরীরে রক্ত কম থাকলে বা অ্যানিমিয়া হলে তা সারানোর জন্য গুড় খাওয়াই যথেষ্ট নয়।
ডায়াবেটিস ও ওজন কমাতে কতটা নিরাপদ?
ডায়াবেটিস রোগীদের গুড় খাওয়া একদমই নিরাপদ নয়। চিনির মতোই গুড় খুব তাড়াতাড়ি হজম হয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। আবার যারা ওজন কমাতে চিনি ছেড়ে গুড়ের চা বা মিষ্টি খাচ্ছেন, তারাও খুব একটা উপকার পাবেন না। প্রাকৃতিক জিনিস হলেও গুড়ে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। প্রয়োজনের বেশি খেলে ওজন বাড়ে, দাঁতেরও ক্ষতি হয়। মনে রাখবেন, গুড় দিয়ে তৈরি মিষ্টি কখনওই ‘সুগার-ফ্রি’নয়।
সব গুড় কি খাঁটি?
বাজারে পাওয়া সব গুড় এক মানের হয় না। কীভাবে তৈরি হচ্ছে এবং কোথায় রাখা হচ্ছে, তার ওপর গুড়ের গুণমান নির্ভর করে। অস্বাস্থ্যকর পরিবেশে রাখলে গুড়ের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই গুড় কিনতে বিশ্বস্ত প্রতিষ্ঠান বা বিক্রেতার কাছ থেকে কেনার চেষ্টা করুন। বিশেষজ্ঞরা বলছেন, মাঝেমধ্যে অল্প মিষ্টি খাওয়াই যায়। তবে দীর্ঘদিন সুস্থ থাকতে হলে চিনি বা গুড় দুটোই কমিয়ে ধীরে ধীরে মিষ্টি খাওয়ার অভ্যাস বদলানো প্রয়োজন।
সূত্র: টিভিনাইন