মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 24, 2026
November 24, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

নিয়মিত ধনেপাতা খেলে মিলতে পারে যেসব উপকার

Published: November 24, 2026 at 09:48 AM
নিয়মিত ধনেপাতা খেলে মিলতে পারে যেসব উপকার

ধনেপাতা শুধু খাবারের স্বাদ, গন্ধ ও রং বাড়াতেই ব্যবহৃত হয় না, এর রয়েছে নানা স্বাস্থ্যগুণও। ধনেপাতা  হলো একটি সুগন্ধি, ঔষধি ও রান্নার কাজে ব্যবহৃত জনপ্রিয় শাক বা উদ্ভিদ, যা সাধারণত শীতকালীন ফসল হলেও সারা বছরই পাওয়া যায়। ধনেপাতার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা হলো-


১. মানসিক অস্থিরতা কমাতে পারে ধনেপাতা

কিছু গবেষণায় দেখা গেছে, ধনেপাতা উৎকণ্ঠিত অবস্থার উপসর্গ কমাতে সহায়তা করতে পারে। ২০২৩ সালের একটি গবেষণায় ধনেপাতার প্রভাব ডায়াজেপাম (ভ্যালিয়াম) নামের উদ্বেগ কমানোর ওষুধের সঙ্গে তুলনীয় বলে উল্লেখ করা হয়েছে। তবে এই ওষুধের কারণে বিভ্রান্তি ও তন্দ্রার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

ধনেপাতা উদ্বেগের চিকিৎসায় কতটা কার্যকর, তা নিশ্চিত হতে মানুষের ওপর আরও গবেষণা প্রয়োজন।


২. অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস

ধনেপাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এসব উপাদান শরীরের কোষের বিভিন্ন ধরনের ক্ষতি ধীর করতে বা প্রতিরোধ করতে সাহায্য করে। ফলে সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে ধনেপাতা ভূমিকা রাখতে পারে।


৩. ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সুরক্ষায় সহায়ক

ধনেপাতায় জীবাণুরোধী উপাদান রয়েছে। ২০২২ সালের একটি গবেষণায় গবেষকেরা ধনেপাতায় সালমোনেলা, ই. কোলাই এবং এল. মনোসাইটোজেনেস ব্যাকটেরিয়া প্রয়োগ করে বিভিন্ন ধরনের পানিতে তা ভিজিয়ে রাখেন। গবেষণায় দেখা যায়, দূষিত ধনেপাতা ভেজানো পানিতে অপরিষ্কার নয় এমন ধনেপাতার গোছা ভিজিয়ে রাখলে পানিতে জীবাণুর সংখ্যা কমে যায়। তবে এ ফলাফল থেকে ধনেপাতা খেলে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করা যায়, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।


৪. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে

ধনেপাতা শরীরকে গ্লুকোজ বা শর্করা আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করতে পারে। প্রাণীর ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, ধনেপাতা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে ভূমিকা রাখতে পারে। ইনসুলিন একটি হরমোন, যা রক্ত থেকে গ্লুকোজ শরীরের কোষে প্রবেশে সহায়তা করে। ডায়াবেটিসে আক্রান্ত অনেকের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা দেয়। এতে শরীর ইনসুলিন যথাযথভাবে ব্যবহার করতে পারে না এবং রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। তবে ধনেপাতার এ ধরনের উপকারিতা নিশ্চিত করতে মানুষের ওপর আরও গবেষণা প্রয়োজন।


৫. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাদ্যতালিকায় ধনেপাতা রাখতে পারেন। ওজন নিয়ন্ত্রণের অন্যতম উপায় হলো দৈনিক ক্যালরির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাবার নির্বাচন করা। এক-চতুর্থাংশ কাপ ধনেপাতায় এক ক্যালরিরও কম থাকে। তাই খাবারের স্বাদ বাড়াতে ধনেপাতা ব্যবহার করলে বাড়তি ক্যালরি গ্রহণের আশঙ্কা থাকে না বললেই চলে।


৬. প্রয়োজনীয় ভিটামিনের উৎস

খাবারের পুষ্টিগুণ বাড়ানোর পাশাপাশি ধনেপাতা রং ও স্বাদও বাড়ায়। এক-চতুর্থাংশ কাপ কাঁচা ধনেপাতার পাতায় দৈনিক চাহিদার প্রায় ১৬ শতাংশ ভিটামিন কে পাওয়া যায়। এই ভিটামিন হাড়ের সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া ধনেপাতায় দৈনিক চাহিদার ২ থেকে ৫ শতাংশ ভিটামিন এ ও সি রয়েছে। শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখতে এই দুই ভিটামিন প্রয়োজনীয়।


৭. ব্যথা কমাতে পারে

ধনেপাতায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে পলিফেনল বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি পলিফেনল কোষের ক্ষতি প্রতিরোধেও ভূমিকা রাখে। কোষের এ ধরনের ক্ষতি অকাল বার্ধক্য এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই ধনেপাতা খাদ্যতালিকায় রাখলে শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সহায়তা মিলতে পারে।