সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 23, 2026
November 23, 2026
বিনোদন
বিনোদন

শীতের সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন যে ৩ চা

Published: November 23, 2026 at 07:27 AM
শীতের সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন যে ৩ চা

চলে এসেছে শীতের মৌসুম। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ার প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত অসুস্থতা। সর্দি-কাশি, গলাব্যথা ও অ্যালার্জির সমস্যায় ভুগছেন মানুষ। বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তাদের ভোগান্তি আরও বেশি। শীতের শুরুতেই অনেকের শুকনো কাশি সহজে সারতে চায় না। কারও নাক দিয়ে অনবরত পানি পড়ে, আবার কারও হাঁচি শুরু হলে থামতেই চায় না। পরিবেশদূষণের কারণে অ্যালার্জির সমস্যাও দিন দিন বাড়ছে। পাশাপাশি বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার মতো রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে।


এমন পরিস্থিতিতে সর্দি-কাশির অস্বস্তি কমাতে অ্যান্টিবায়োটিকের পরিবর্তে ভেষজ চা হতে পারে সহায়ক। তবে দুধ-চিনি দেওয়া মালাই চা কিংবা কড়া লিকার নয়, বরং কয়েক ধরনের ভেষজ চা পান করলে গলাব্যথা, কাশি ও অ্যালার্জির কিছু উপসর্গে আরাম মিলতে পারে। বিশেষ করে যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তাদের জন্য এসব চা উপকারী হতে পারে। তবে এসব চা সর্দি-কাশি বা নিউমোনিয়ার চিকিৎসার বিকল্প নয়। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


যে তিন ভেষজ চা হতে পারে সহায়ক:


১. অপরাজিতা ফুলের নীল চা

উপকরণ : ৮–১০টি শুকনো বা তাজা নীল অপরাজিতা ফুল, দেড় কাপ জল, সামান্য লেবুর রস ও স্বাদমতো মধু।


পদ্ধতি : জল ফুটিয়ে তাতে অপরাজিতা ফুল দিন। ২–৩ মিনিট রেখে নীলচে রং ধরলে ছেঁকে নিন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস দিলে নীল রং বদলে সুন্দর বেগনি আভা তৈরি হবে। খাওয়ার আগে মধু মিশিয়ে নিতে হবে।


২. লেমনগ্রাস, আদা ও গ্রিন টি

উপকরণ : ১ চা-চামচ গ্রিন টি পাতা, ১টি থেঁতো করা লেমনগ্রাস বা লেবু পাতার ডাঁটা, সামান্য আদা ও দেড় কাপ জল।


পদ্ধতি : জল ফুটিয়ে লেমনগ্রাস ও আদা দিন। আঁচ কমিয়ে ফোটন। এর পর গ্রিন টি পাতা দিয়ে ১–২ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নিন।



৩. গোলাপপাপড়ি ও এলাচের চা

উপকরণ : ১ মুঠো শুকনো বা তাজা গোলাপপাপড়ি, ২টি থেঁতো করা ছোট এলাচ, সামান্য চা পাতা (ঐচ্ছিক), এক টুকরো দারচিনি ও ২ কাপ জল।


পদ্ধতি : গরম জলে এলাচ ও দারচিনি দিয়ে ফোটান। জলের রং বদলে গেলে তাতে গোলাপপাপড়ি দিয়ে ২–৩ মিনিট ঢেকে রাখুন। ছেঁকে নিয়ে সামান্য মধু মিশিয়ে পান করুন। এমন চায়ে চিনি মেশানোর দরকার পড়ে না।