মুক্তির মাত্র ১৪ দিনেই বিশ্ব বক্স অফিসে ১ হাজার ৫০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে এই মাইলফলক অর্জনের নতুন রেকর্ড গড়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি। পেছনে ফেলেছে ‘বাহুবলী ২’ ও ‘পুষ্পা ২’-এর মতো ব্লকবাস্টার সিনেমাকেও। মুক্তির দ্বিতীয় সপ্তাহেই বক্স অফিসে নতুন উচ্চতায় পৌঁছেছে ‘রামায়ণ’। মাত্র ১৪ দিনে বিশ্বব্যাপী ১ হাজার ৫০০ কোটি রুপি আয় করে ছবিটি। এর আগে এই মাইলফলক অর্জনে ‘ধুরন্ধর ২’-এর লেগেছিল ১৬ দিন, ‘পুষ্পা ২’-এর ১৭ দিন এবং ‘বাহুবলী ২’-এর ২০ দিন।
শুধু বিশ্ব বক্স অফিসেই নয়, ভারতের অভ্যন্তরীণ বাজারেও দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি। দেশটিতে ছবিটির আয় ছাড়িয়েছে ১ হাজার কোটি রুপির গণ্ডি। এর ফলে ভারতীয় সিনেমার ইতিহাসে ১ হাজার কোটি রুপি আয় করা ছবিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ‘রামায়ণ: পার্ট ১’।
প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই ভারতে নেট ৬৪.৮৫ কোটি রুপি আয় করে দুর্দান্ত সূচনা করেছিল ছবিটি। এটি রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ উদ্বোধনী আয়। একই সঙ্গে সাই পল্লবীর ক্যারিয়ারেও এটি বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।
দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে দাপট ধরে রাখে সিনেমাটি। সব ভাষা মিলিয়ে দ্বিতীয় সপ্তাহান্তে ভারতের বাজারে নেট আয় দাঁড়ায় ১৯৬ কোটি রুপি। এর মাধ্যমে ‘ধুরন্ধর ২’-এর ১৭২.৭০ কোটি রুপির রেকর্ডও ছাড়িয়ে যায় ছবিটি।
দক্ষিণ ভারতের পাঁচ রাজ্য—কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু ও কেরালায় প্রতিটিতেই ৫০ কোটি রুপির বেশি গ্রস আয় করেছে ‘রামায়ণ: পার্ট ১’। প্রথম বলিউড সিনেমা হিসেবে এই পাঁচ রাজ্যে আলাদাভাবে এমন সাফল্য পেয়েছে ছবিটি।
আন্তর্জাতিক বাজারেও সিনেমাটির দাপট অব্যাহত রয়েছে। উত্তর আমেরিকার বক্স অফিসে ২৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে ছবিটি। পাশাপাশি ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী আইম্যাক্সে সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে।
দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে টিকিট বিক্রির পরিসংখ্যানেও। বুকমাইশোর তথ্য অনুযায়ী, এক দিনে ১৬ লাখ ৬০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে ১ কোটি ৪০ লাখ টিকিট বিক্রির মাইলফলকও অতিক্রম করেছে ‘রামায়ণ: পার্ট ১’।