ঘটনাটি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন সালমান খান। হলভর্তি দর্শকের সামনে কথা বলতে গিয়ে একপর্যায়ে থেমে যান তিনি। চোখ ভিজে ওঠে বলিউডের ভাইজানের। ক্যারিয়ারের শুরুর দিকে একদিন দোকানে পছন্দের স্টোন-ওয়াশড জিনস ও শার্ট দেখছিলেন সালমান। জিনসটি কেনার মতো টাকা থাকলেও শার্টটি কেনার সামর্থ্য ছিল না তার। তাই শার্টটি রেখে শুধু জিনসটি কিনে দোকান থেকে বেরিয়ে আসছিলেন। বিষয়টি খেয়াল করেন পাশে থাকা অভিনেতা সুনীল শেঠি। বন্ধুর পছন্দের শার্টটি নিজেই কিনে সালমানকে উপহার দেন তিনি। শুধু শার্ট নয়, দোকানে একটি ওয়ালেটও পছন্দ হয়েছিল সালমানের। কিন্তু সেটিও কেনেননি তিনি। বিষয়টি বুঝতে পেরে পরে সালমানকে নিজের বাড়িতে নিয়ে যান সুনীল। সেখানে তার পছন্দের একই ধরনের একটি ওয়ালেট উপহার দেন।
জীবনের এই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি সালমান। ২০২২ সালে আবুধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘটনাটি শোনান তিনি। ওই অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্বেও ছিলেন সালমান। সালমানের কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সুনীল শেঠির ছেলে আহান শেঠি মঞ্চে উঠে তাকে জড়িয়ে ধরেন। আবেগঘন সেই মুহূর্তের ভিডিও পরে ভারতীয় সংবাদমাধ্যমেও আলোচনায় আসে।
কেন টাকা ছিল না সালমানের?
সালমানের পরিবার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তার বাবা সেলিম খান ছিলেন প্রতিষ্ঠিত চিত্রনাট্যকার। ফলে ঘটনাটিকে পারিবারিক দারিদ্র্যের গল্প হিসেবে দেখার সুযোগ নেই। বরং তখনো নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠা না পাওয়া সালমানের ব্যক্তিগত আর্থিক অবস্থার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। সালমানের বড় সাফল্য আসে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির মাধ্যমে। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যাপক সফল হয়। কিন্তু সেই সাফল্যের পরও তার ক্যারিয়ারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
আইফা অনুষ্ঠানে সালমান জানান, ছবিটি মুক্তির পর এর নায়িকা ভাগ্যশ্রী বিয়ের সিদ্ধান্ত নেন এবং অভিনয় থেকে দূরে সরে যান। সালমানের ভাষ্য অনুযায়ী, ছবিটির সাফল্যের কৃতিত্বের বড় অংশ ভাগ্যশ্রী পেয়েছিলেন। এর ফলে পরবর্তী ছয় মাস কোনো ছবিতে কাজ পাননি তিনি। ছেলের ক্যারিয়ার নিয়ে তখন চিন্তিত ছিলেন বাবা সেলিম খানও। সালমানের স্মৃতিচারণ অনুযায়ী, তিনি প্রযোজক জি পি সিপ্পিকে দুই হাজার রুপি দিয়ে একটি ট্রেড ম্যাগাজিনে সালমানকে নিয়ে নতুন ছবির ঘোষণা প্রকাশ করতে রাজি করান। যদিও বাস্তবে তখন ছবিটির কোনো কাজ শুরু হয়নি।
সেই ঘোষণাই পরে সালমানের ক্যারিয়ারে নতুন সম্ভাবনা তৈরি করে। খবরটি দেখে প্রযোজক রমেশ তুরানি জি পি সিপ্পির সঙ্গে যোগাযোগ করেন। এরপর ছবিটির সংগীতের স্বত্ব কেনার জন্য পাঁচ লাখ রুপি দেন তিনি। এভাবেই সালমানের ক্যারিয়ারে নতুন একটি সুযোগ তৈরি হয়।