আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারে এর চেয়েও অনেক নাটকীয় জয় দেখেছেন দিয়েগো সিমিওনে। তবে রোববার গেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়টি তার জন্য হয়ে থাকল বিশেষ এক মাইলফলক। এই জয়ে লুইস আরাগোনেসকে ছাড়িয়ে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ এখন এই আর্জেন্টাইন। লা লিগায় ৫৬৭ ম্যাচে সিমিওনের এটি ৩৪৫তম জয়। এর আগে ৩৪৪ জয়ের রেকর্ড গড়তে আতলেতিকোরই সাবেক কোচ আরাগোনেসকে খেলতে হয়েছিল সিমিওনের চেয়ে ১৮৯টি ম্যাচ বেশি। তবে আতলেতিকোয় সিমিওনের প্রভাব কেবল এই পরিসংখ্যানের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। অন্য অনেক কোচের জয়ের হার কিংবা শিরোপার সংখ্যা হয়তো সিমিওনের চেয়ে বেশি। কিন্তু স্প্যানিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে দীর্ঘস্থায়িত্ব, ধারাবাহিকতা এবং লড়াকু মানসিকতায় তিনি অনন্য। প্রায় ১৫ বছর আগে ধুঁকতে থাকা এক দলের দায়িত্ব নিয়ে তিনি যে আটটি শিরোপা জিতিয়েছেন, তা সবচেয়ে আশাবাদী সমর্থকের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।
সিমিওনের কোচিং অধ্যায়ের সবচেয়ে বড় ক্ষত হয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনাল হার। দুটি হারই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে- একটি টাইব্রেকারে, অন্যটি যোগ করা সময়ে গোল হজম করার পর অতিরিক্ত সময়ে। এমন হৃদয়বিদারক হারের পর অনেক কোচই হয়তো সরে দাঁড়াতেন। কিন্তু সিমিওনে ফিরেছেন আরও অদম্য হয়ে। ২০১১ সালে আতলেতিকোয় যোগ দেওয়ার সময় টাচলাইনে কালো পোশাকে তার যে আগ্রাসী ও দৃঢ়চেতা রূপ দেখা যেত, আজও তা অমলিন। গেতাফে ম্যাচের পর এই রেকর্ড নিয়ে সিমিওনে বলেন, “এটা আমাকে আনন্দ দিচ্ছে। সাধারণত খুব কম জিনিসই আমাকে আনন্দ দেয়, তবে এই অর্জনের পেছনে অবিশ্বাস্য রকমের পরিশ্রম রয়েছে।”
সময়ের সঙ্গে বদলেছে সিমেওনের দলের খেলার ধরনও। তবুও পুরনো সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘মুভিস্টার’-কে তিনি বলেন, “আমাদের নিয়ে নিয়মিতই সমালোচনা হয়। আমি এগুলোকে খুব একটা গুরুত্ব দিই না, তবে খেয়াল রাখি। এমন একটি ধারণা প্রচলিত আছে যে আমরা কেবল রক্ষণাত্মক ফুটবল খেলি, যেন আমাদের একমাত্র কাজই হলো ডিফেন্ড করা। শুধু রক্ষণ সামলে তো আর ৩৪৫টি ম্যাচ জেতা যায় না। সেটা কি আদৌ সম্ভব?”
সিমিওনের অধীনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার একচ্ছত্র আধিপত্যে ভাগ বসিয়ে স্প্যানিশ ফুটবলের তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে আতলেতিকো। ২০০৪ সালে আরাগোনেসের শেষ লা লিগা জয়ের ২২ বছর পর রেকর্ডটি হাতবদল হয়ে গেল আতলেতিকোরই আরেক কিংবদন্তির হাতে। সিমিওনের পথচলা বলছে, এই রেকর্ড টিকে থাকতে পারে আরও বহুদিন। তবে রেকর্ড যতদিনই থাকুক, আতলেতিকো ও স্প্যানিশ ফুটবলে তার ছাপ এরই মধ্যে অমোচনীয় হয়ে গেছে।