বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের সঙ্গে ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বিয়ের কথা চলছে, এমনটাই শোনা যাচ্ছে। এ নিয়ে দেশটির সিনে ও ক্রিকেট অঙ্গনে তোলপাড় তৈরি হয়েছে। গত সোমবার থেকে এ কথা ছড়িয়ে পড়ে। শোনা যায়, খুব শিগগির দেওল পরিবারের বউ হতে যাচ্ছেন সারা। এতে সানি দেওল ও শচীন টেন্ডুলকারের ‘বেয়াই’ হওয়ার জল্পনাও শুরু হয়। একসময় বলিউডপাড়ায় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে শচীন কন্যা সারার প্রেমের গুঞ্জন শোনা যেত। তবে অনেক আগেই তাদের সম্পর্ক ভেঙে গেছে বলে জানা যায়। এরপর রাজবীরের সঙ্গে সারার বিয়ের জল্পনা নতুন করে আলোচনায় আসে।
এ নিয়ে যখন ভারতের দুই অঙ্গন তোলপাড়, তখনই জানা গেল এর সত্যতা। সারার এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, সানি দেওলের ছোট ছেলের সঙ্গে সারার বিয়ের বিষয়টি শুধুই গুঞ্জন; সত্য নয়। সেই সূত্র বলেছে, এসব একেবারেই ভিত্তিহীন খবর। সারা টেন্ডু্লকার ও রাজবীর দেওল কখনো একে অপরের সঙ্গে দেখাই করেননি। সারা অবিবাহিত এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত।
এ ধরনের জল্পনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বিরক্তিকরও। আর সারা নিজে কখনোই এসব ভিত্তিহীন গুঞ্জনের জবাব দেবেন না, কারণ তিনি মার্জিত ও শালীনতা বজায় রাখতে পছন্দ করেন- বলে জানায় সেই সূত্র। সারা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে হলেও সামাজিক মাধ্যমের পরিচিত মুখ হিসেবে তিনি নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। ফ্যাশন, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ ও নানা অনুষ্ঠানে উপস্থিতির কারণে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে।
এদিকে, সানি দেওলের ছেলে রাজবীর দেওলও বলিউডের সিনেমায় কাজ করেছেন; করেছেন অভিনয়ও। অবনীশ এস বারজাতিয়া পরিচালিত রোমান্টিক ছবি ‘দোনো’ (২০২৩) দিয়ে রাজবীর বলিউডে অভিষেক করেন।