বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 26, 2026
November 26, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

আয়নায় নিজেকে আকর্ষণীয় মনে করা ব্যক্তিরা অন্যের চোখে ভিন্ন গবেষণা

Published: November 26, 2026 at 12:18 PM
আয়নায় নিজেকে আকর্ষণীয় মনে করা ব্যক্তিরা অন্যের চোখে ভিন্ন গবেষণা

নিজের বাহ্যিক রূপ নিয়ে প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে-কেউ নিজেকে আকর্ষণীয় মনে করেন, কেউ আবার হীনম্মন্যতায় ভোগেন। কিন্তু নিজেকে নিয়ে এই ধারণা আর অন্যের চোখে দেখা বাস্তবতার মধ্যে কি আসলেই কোনো মিল আছে? সাম্প্রতিক এক গবেষণা বলছে, শারীরিক আকর্ষণীয়তা নিয়ে নিজের বিচারেই ভুল করেন অনেক মানুষ। বিশেষ করে, যারা অন্যের চোখে তুলনামূলক কম আকর্ষণীয়, তারা নিজেদের বেশি আকর্ষণীয় মনে করার প্রবণতা দেখান। অন্যদিকে, বেশি আকর্ষণীয় ব্যক্তিরা নিজেদের সৌন্দর্যকে কিছুটা কম করে দেখেন। ২০২০ সালে গবেষক গ্রেইটেমেয়ার পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনটি প্রকাশ করেছে মনোবিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’। ইউরোপের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ জনগোষ্ঠীর এক হাজারের বেশি মানুষের অংশগ্রহণে ছয়টি পৃথক গবেষণা চালানো হয়। এতে অংশগ্রহণকারীদের নিজেদের শারীরিক আকর্ষণীয়তা সম্পর্কে মূল্যায়ন করতে বলা হয়। পরে তাদের এই মূল্যায়নের সঙ্গে গবেষক ও অন্য অংশগ্রহণকারীদের দেওয়া মূল্যায়ন তুলনা করা হয়। গবেষণায় দেখা যায়, অন্যদের চোখে যারা কম আকর্ষণীয়, তারা নিজেদের সৌন্দর্যকে বাস্তবের তুলনায় বেশি নম্বর দিয়েছেন। যাদের আকর্ষণীয়তা গড়পড়তা, তাদের নিজেদের সম্পর্কে ধারণার সঙ্গে অন্যদের মূল্যায়নের মিল তুলনামূলক বেশি। আর যাদের অন্যরা বেশি আকর্ষণীয় বলে মনে করেছেন, তারা নিজেদের আকর্ষণীয়তাকে অন্যদের দেওয়া মূল্যায়নের চেয়ে কম করে দেখেছেন। গবেষণায় আরও দেখা যায়, কম আকর্ষণীয় ব্যক্তিরা অন্যদের সৌন্দর্য বিচার করার ক্ষেত্রেও তুলনামূলক কম পার্থক্য করতে পারেন। অর্থাৎ, আকর্ষণীয় ও কম আকর্ষণীয় ব্যক্তিদের মধ্যে পার্থক্য নির্ধারণে তাদের মূল্যায়ন কিছুটা কম স্পষ্ট হতে পারে। তবে এর আরেকটি ব্যাখ্যাও রয়েছে। তাদের কাছে তুলনামূলক বেশি মানুষই আকর্ষণীয় বলে মনে হতে পারে। অন্যরা তাদের কীভাবে দেখেন, তা কল্পনা করতে বলা হলেও কম আকর্ষণীয় ব্যক্তিরা নিজেদের আকর্ষণীয়তা বেশি করে অনুমান করেছেন। তারা সাধারণত নিজেদের গড়পড়তা আকর্ষণীয় বলে মনে করেছেন, যদিও অন্যদের মূল্যায়নে তারা গড়ের নিচে ছিলেন। বিপরীতে, বেশি আকর্ষণীয় ব্যক্তিরা অন্যদের চোখে নিজেদের অবস্থানের তুলনায় সামান্য কম আকর্ষণীয় বলে ভেবেছেন। তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এখানে আকর্ষণীয়তা বলতে মূলত শারীরিক সৌন্দর্যকে বিবেচনা করা হয়েছে। মানুষের ব্যক্তিত্ব, দয়া, বুদ্ধিমত্তা কিংবা অন্যান্য গুণাবলি কীভাবে কাউকে আকর্ষণীয় করে তোলে, তা এই গবেষণার আওতায় ছিল না। ফলে পরিচিত মানুষের মূল্যায়নে এসব গুণের প্রভাব থাকতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, কে আকর্ষণীয়-এ বিষয়ে পর্যবেক্ষকদের মধ্যে তুলনামূলক বেশি মতের মিল রয়েছে। কিন্তু কে কম আকর্ষণীয়, তা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য বেশি। অর্থাৎ, সৌন্দর্যের মতো আকর্ষণীয়তার বিপরীত ধারণাও অনেক ক্ষেত্রে ব্যক্তিভেদে বদলে যেতে পারে।