চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ শুরু হয়েছে। আজ সকালে র্যালি, আলোচনা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর মধ্যদিয়ে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।জেলাশহরের হুজরাপুরে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি ওই এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে তিন দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান।
বিশেষ অতিথির বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ, জেলা ডেইরি অ্যাসোসিয়েশনর সভাপতি মুনজের আলম মানিক, খামারি রাকিবুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবীর উদ্দীন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, জুলাই যোদ্ধা আব্দুর রাহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে ৩২টি স্টলে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির লাইভস্টক বিভাগ, বরেন্দ্র কৃষি উদ্যোগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খামারি ও উদ্যোক্তারা গরু ছাগল, গাড়লসহ বিভিন্ন ধরনের প্রাণিসম্পদ প্রদর্শন করছে।
এছাড়া দুগ্ধ ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীরা প্রাণিজ খাদ্যের পুষ্টিগুণ, মূল্য সংযোজন, নিরাপদ খাদ্য প্রস্তুত এবং রপ্তানির সম্ভাবনাময় পণ্য সম্পর্কেও জানতে পারছেন।
মাল্টিমিডিয়ায় জাতীয় ও স্থানীয় প্রাণিসম্পদের বিস্তারিত তুলে ধরেন সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার চাঁপাইনবাবগঞ্জর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. রজব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নাজমুল ইসলাম। প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণকারী স্টলগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’।
বক্তারা প্রাণিসম্পদের পুষ্টি ও আমিষের গুরুত্বের কথা তুলে ধরেন এবং রপ্তানিযোগ্য স্বাস্থ্যসম্মত উপায়ে প্রাণিসম্পদ লালন-পালনের ওপর জোর দেন। তারা বলেন— একসময় কোরবানির জন্য আমাদের তাকিয়ে থকতে হতো, এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন। আমাদের প্রচুর গরু উৎপাদন হয়। এছাড়া দুধ উৎপাদন, মাছ মাংস, হাঁস-মুরগি, ডিম আমরা এখন প্রচুর উৎপাদন করি। তবে মানবস্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখে এসব উৎপাদন করতে হবে।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগ আরো জোরদার করা প্রয়োজন। জেলা প্রশাসন জেলা প্রাণিসম্পদ দপ্তর এসব কর্মসূচির আয়োজন করেছে।
শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু. মিজানুর রহমান। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি আজ বেলা সাড়ে ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান।
সভায় সূচনা বক্তব্য দেন— উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম। এ সময় উপস্থিত ছিলেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, ভেটেরিনারি সার্জন ডা. বরুন কুমার প্রামানিকসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যক্তিরা।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার। সূচনা বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন— নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ।