বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 26, 2026
November 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায় রিয়াল-বার্সা, বাধা মরক্কো

Published: November 26, 2026 at 02:04 PM
বিশ্বকাপ ফাইনাল নিজেদের মাঠে চায় রিয়াল-বার্সা, বাধা মরক্কো

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যুতে বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি আয়োজন করতে চায় তারা। তবে স্পেনের দুই ক্লাবের এই প্রতিযোগিতার মধ্যে ফাইনাল আয়োজনের জোরালো দাবি তুলেছে মরক্কোও। স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ। তবে ফাইনাল আয়োজনের বিষয়ে পর্তুগালের তেমন আগ্রহ নেই। অন্যদিকে, মরক্কো কাসাব্লাঙ্কায় প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে হাসান-২ স্টেডিয়াম নির্মাণ করছে। ফাইনাল আয়োজনের লক্ষ্যেই তাদের এই বড় উদ্যোগ।


সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করেছে মরক্কো। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলার পর ২০২৪ আফ্রিকান কাপ অব নেশনসেও রানার্সআপ হয়েছে দেশটি। এসব সাফল্যকে পুঁজি করে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেতে আশাবাদী মরক্কো। মরক্কোর এমন তৎপরতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে স্পেন। এমনকি ফাইনাল আয়োজনের দায়িত্ব না পেলে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছে স্পেন। এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর ঘনিষ্ঠ সম্পর্কও স্পেনের উদ্বেগ বাড়াচ্ছে। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের মতে, ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর সম্পর্কের কারণে স্পেনের ফাইনাল আয়োজনের সম্ভাবনা কমে যেতে পারে।


মরক্কোর ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর অন্যতম সমর্থক হিসেবে পরিচিত। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশের পর থেকে মরক্কোর রাজধানী রাবাতে ফিফার নতুন আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় কাটিয়েছেন ফিফা সভাপতি। আগামী মার্চে মরক্কোতেই অনুষ্ঠিত হওয়ার কথা ফিফার কংগ্রেস। সেখানে পুনর্নির্বাচনে ইনফান্তিনোর জয়ের সম্ভাবনাও প্রবল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দীর্ঘদিন ধরেই তাঁর বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে।


তবে স্পেনের ফুটবল ফেডারেশনের মহাসচিব আলভারো দে মিগেল মনে করেন, ফাইনাল আয়োজনের ক্ষেত্রে তাঁদের অবস্থান যথেষ্ট শক্তিশালী। তাঁর দাবি, মরক্কোর একটি স্টেডিয়ামের বিপরীতে স্পেনের দুটি সম্ভাব্য ভেন্যু থাকায় দেশটির সুযোগ বরং বেড়েছে।


এ ছাড়া রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইনফান্তিনোর সুসম্পর্কও স্পেনের পক্ষে ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী দে মিগেল। তাঁর বিশ্বাস, পেরেজের মাধ্যমে ইনফান্তিনোকে স্পেনের পক্ষে রাজি করানো সম্ভব। ফিফার শাসনব্যবস্থা নিয়ে নানা প্রশ্নের মধ্যে সংস্থাটি শেষ পর্যন্ত যৌক্তিক প্রার্থী হিসেবেই স্পেনকে বেছে নেবে বলে মনে করেন তিনি।


এদিকে বার্সেলোনার চেয়ে ফাইনাল আয়োজনের দৌড়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকবে বলে মনে করছেন স্প্যানিশ কর্মকর্তারা। তাঁদের যুক্তি, বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতায় মাদ্রিদ এগিয়ে। ২০১৮ সালে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের কোপা লিবার্তাদোরেস ফাইনাল আয়োজন করেছিল মাদ্রিদ। সমর্থকদের সহিংসতার কারণে আর্জেন্টিনা থেকে সরিয়ে ম্যাচটি স্পেনের রাজধানীতে আয়োজন করা হয়েছিল।


সব মিলিয়ে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে স্পেনের দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মরক্কোর সঙ্গে লড়াইও জমে উঠেছে। শেষ পর্যন্ত বার্নাব্যু, ক্যাম্প ন্যু নাকি কাসাব্লাঙ্কার নতুন স্টেডিয়াম—কোনটি পাবে ফাইনাল আয়োজনের দায়িত্ব, তা নির্ভর করছে ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।