দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যানে চোখ রাখলেই মনে পড়ে কবি জীবনানন্দ দাশের সেই চিরচেনা পঙ্ক্তি—‘কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!’ প্রোটিয়া ডেরায় সাদা পোশাকের অতীত কখনোই সুখকর ছিল না টাইগারদের। তবু প্রতিবারই আশায় বুক বাঁধেন সমর্থকেরা। কিন্তু সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ২১৯ রানের বিশাল পরাজয় এবং ২–০ ব্যবধানে হোয়াইটওয়াশ আবারও খুঁচিয়ে তুলল লাল বলের সেই পুরোনো ক্ষত। এবারের পুরো বিপর্যয়ের কেন্দ্রে ছিলেন প্রোটিয়া অলরাউন্ডার উইয়ান মুল্ডার।
একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন মুল্ডার
সেঞ্চুরিয়ন টেস্টকে নির্দ্বিধায় ‘মুল্ডার-শো’ বলা যায়। আধুনিক টেস্ট ক্রিকেটে একজন পেস বোলিং অলরাউন্ডার একটি দলের ভারসাম্য কতটা বদলে দিতে পারেন, তা হাতেনাতে দেখিয়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান। প্রথমে ব্যাট হাতে ঝকঝকে ১০০ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার ভিত গড়ে দেন তিনি। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে যা করলেন, তা বাংলাদেশের ব্যাটিং লাইনআপের জন্য ছিল রীতিমতো দুঃস্বপ্ন। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রান খরচায় ৭ উইকেট শিকার করে একাই গুঁড়িয়ে দেন টাইগারদের ব্যাটিং স্তম্ভ। ম্যাচে মোট ৮ উইকেট এবং একটি সেঞ্চুরি এমন অলরাউন্ড নৈপুণ্যের পর ম্যাচসেরার পুরস্কার তার হাতে ওঠাটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। মুল্ডারের সুইং, নিখুঁত লাইন-লেংথ আর বাড়তি বাউন্সের কোনো জবাবই খুঁজে পাননি বাংলাদেশের ব্যাটাররা।
পুরোনো ব্যাটিং ব্যাধি: ক্ষত আছে, শুশ্রূষা নেই
সেঞ্চুরিয়নের উইকেটে ব্যাটিং যে একেবারে অসম্ভব ছিল না, তা প্রমাণ করেছেন স্বাগতিক ব্যাটাররা। মার্কাস অ্যাকেরম্যানের ১৪৬ রানের ইনিংস এবং মুল্ডারের সেঞ্চুরি দেখিয়ে দিয়েছে, শুরুর চাপ সামলে ক্রিজে থিতু হতে পারলে রান তোলা সম্ভব। অথচ সেই একই পিচে বাংলাদেশের ব্যাটিং ছিল পুরোপুরি বিপরীত চিত্র।
ব্যাটিংয়ে ধরাশয়ী বাংলাদেশের ব্যাটাররা। ছবি: এএফপি
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৪ রানে গুটিয়ে যাওয়া আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিদেশের কন্ডিশনে গতি আর বাউন্সের সামনে বাংলাদেশের ব্যাটারদের টেকনিক্যাল দুর্বলতা একটুও কাটেনি। কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের বিপরীতে তাওহীদ হৃদয়রা মাঝেমধ্যে ব্যক্তিগত প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, ইনিংস লম্বা করার মানসিক দৃঢ়তা বা বড় জুটির কোনো লক্ষণ ছিল না। হৃদয়ের বিদায়ের পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস। বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, কোচ আর কৌশল বদলাচ্ছে, কিন্তু বিদেশের মাটিতে টেস্ট ব্যাটিংয়ের এই বিপর্যয় থামছেই না । অসংখ্য ক্ষত আছে অথচ শুশ্রূষা নেই।
বোলিংয়েও ছিল না ধারাবাহিকতা
ইনিংস ব্যবধানে এবং ২১৯ রানের হারের দায় শুধু ব্যাটারদের কাঁধে চাপিয়ে দেয়া যাচ্ছে না। সেঞ্চুরিয়নের পেস-বান্ধব উইকেটে দক্ষিণ আফ্রিকার বোলাররা যেখানে প্রতিটি স্পেলে বাংলাদেশের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন, সেখানে বাংলাদেশের বোলাররা ছিলেন অনেকটাই নিষ্প্রভ। প্রোটিয়া ব্যাটারদের ওপর টানা চাপ ধরে রাখতে না পারা এবং শৃঙ্খলাবদ্ধ লাইন-লেংথ বজায় রাখার ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ শুরুতেই হাতছাড়া হয়ে যায়। প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো ধারাবাহিকতা যে এখনো তৈরি হয়নি, এই সিরিজ আবারও তা স্পষ্ট করে দিল। সব মিলিয়ে, বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটের কঠিন পরীক্ষায় আবারও পুরোনো ব্যর্থতার বৃত্তেই আটকে থাকল বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে মৌলিক দুর্বলতা দূর করতে না পারলে, সাদা পোশাকে এমন অসহায় আত্মসমর্পণের গল্প হয়তো আরও দীর্ঘই হবে।