বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 26, 2026
November 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

ইংল্যান্ডের অধিনায়কত্ব পেয়ে আবেগাপ্লুত টম ব্যান্টন

Published: November 26, 2026 at 11:12 AM
ইংল্যান্ডের অধিনায়কত্ব পেয়ে আবেগাপ্লুত টম ব্যান্টন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যানবেরায় ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়ার খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন টম ব্যান্টন। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম যখন বিমানবন্দরে তাকে এই দায়িত্বের কথা জানান, তখন কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা বুঝে উঠতে পারছিলেন না এই ব্যাটার। হ্যারি ব্রুক চতুর্থ টি-টোয়েন্টির পর সিডনি থেকে দল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চার টেস্টের সফরে যাওয়ায় অধিনায়কত্বের এই সুযোগ তৈরি হয়। শুরুতে ক্যানবেরার ম্যাচে উইল জ্যাকসের অধিনায়ক হওয়ার কথা থাকলেও ডান হাতে চিড় ধরে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ব্যান্টনের সামনে সেই দায়িত্ব আসে। সব ঠিক থাকলে ইংল্যান্ডের ১৪তম পুরুষ টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি। শুক্রবার গ্যাবায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে ব্রিসবেনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি জানান ২৮ বছর বয়সী ব্যান্টন। তিনি বলেন, ‘যখন আমাকে জানানো হলো, আমি তখন একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এটি দারুণ এক সম্মানের। আর আমি সত্যিই এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিমানবন্দরে ম্যাককালামের সঙ্গে সেই মুহূর্তের স্মৃতিচারণে করে ব্যান্টন বলেন, ‘তিনি (ম্যাককালাম) আসলে বিমানবন্দরেই বিষয়টি আমাকে জানিয়েছিলেন। তিনি আমাকে একপাশে ডেকে নিয়ে এটি জানান। সত্যি বলতে, কীভাবে প্রতিক্রিয়া জানাব তা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে যেকোনো সংস্করণেই নিজের দেশকে নেতৃত্ব দেওয়ার কথা শোনা সত্যিই বড় পাওয়া। গত দুই বছরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নিয়মিত হয়ে উঠেছেন ব্যান্টন। পাশাপাশি এই সফরে অ্যাডিলেডে ম্যাচজয়ী ওয়ানডে সেঞ্চুরির পর ওয়ানডে ক্রিকেটেও নিজের জায়গা নিয়ে আস্থা পেয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টপ থ্রি এবং ওয়ানডেতে ওপেনিংয়ে খেললেও জাতীয় দলের টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাট করে এখন বেশ মানিয়ে নিচ্ছেন বলে জানান তিনি। ব্যান্টন বলেন, ‘আমি যা করে আসছি, এটি তার চেয়ে ভিন্ন একটি ভূমিকা। প্রায় দুই বছর ধরে আমি এটি করছি, তাই এখন মানিয়ে নিচ্ছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওপরের দিকের সমর্থন, আর সিনিয়র খেলোয়াড়েরা আমাকে আপন করে নিয়েছে। এই সমর্থনের জন্য ম্যাককালাম ও ব্রুকির কাছে আমি অনেক ঋণী।