বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 26, 2026
November 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Published: November 26, 2026 at 02:21 PM
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গত বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ও ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. তহুরুল ইসলাম (৫৫) এবং নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহিন আক্তার (৪০)। গোমস্তাপুর উপজেলায় নিহত নারীর পরিচয় জানা যায়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার খড়গপুর মোড়ে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন ইউপি সদস্য তহুরুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


অন্যদিকে, একই দিন দুপুরে নাচোল উপজেলার ফুলকুঁড়ি বাজার এলাকায় একটি মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে গুরুতর আহত হন শাহিন আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।


অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রানাবাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, তিনটি দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।