চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও ভর্তি রোগীর সংখ্যা কমেনি। আগের দিন ভর্তি ছিলেন ৫২ জন এবং গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৮ জন। তাদের মধ্যে ১০ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ১ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জনকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ১২ জন সাধারণ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৬২৪ জন, শিবগঞ্জে ২৭৭ জন, গোমস্তাপুরে ২৯১ জন, নাচোলে ১৩৯ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৫১০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৭৬৯ জন সাধারণ ডেঙ্গু রোগী।