বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 26, 2026
November 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

Published: November 26, 2026 at 02:03 PM
প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড। ঐতিহাসিক এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। সিরিজের সূচিও প্রকাশ করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে আয়ারল্যান্ডের জন্য এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটিকে কাজে লাগাতে চায় পাকিস্তানও।


ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট সিরিজটিকে দুই দলের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘যদিও শুরুতে আমরা বিভিন্ন ফরম্যাটের একটি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিলাম, তবে দুই বোর্ড একমত হয়েছে যে ওয়ানডে সিরিজ খেললে উভয় দলের স্কোয়াডই বেশি উপকৃত হবে। বিশেষ করে আমাদের সামনে বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে এবং পাকিস্তানও ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে।’


তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের খেলোয়াড়দের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ঐতিহাসিক এই প্রথম সফরের অপেক্ষায় আছি আমরা। আশা করি, আগামী বছরগুলোতে এমন আরও অনেক সফরের সূচনা হবে।’


পাকিস্তানের জাতীয় দলের মুখোমুখি হওয়ার আগে দেশটির ‘এ’ দল শাহিনসের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই লড়াই। এরপর ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ছয়টি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজের প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি, দ্বিতীয়টি ২২ জানুয়ারি এবং তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।


পাকিস্তান-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি


প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি

দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি

তৃতীয় ওয়ানডে: ২৪ জানুয়ারি

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে।