রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 08, 2026
জাতীয়
জাতীয়

সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল

Published: November 08, 2026 at 12:05 PM
সংসদের চতুর্থ অধিবেশন শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। সংক্ষিপ্ত এ অধিবেশনে দুই-তিনটি বিল পাসসহ মোট ছয়টি বিল নিয়ে আলোচনা হতে পারে। তবে অধিবেশনে সংবিধান সংস্কার ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তাপ ছড়ানোর আশঙ্কা রয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সংসদ সচিবালয় ইতোমধ্যে অধিবেশন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

৯ নভেম্বর শুরু হয়ে অধিবেশনটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে পারে। সে হিসাবে মোট ১০ কার্যদিবস অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। স্বাভাবিক নিয়মে প্রতি বছর জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন বসে। সে অনুযায়ী ২০২৭ সালের প্রথম অধিবেশন জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।

অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে অধিবেশনের মেয়াদ, কার্যদিবস ও কর্মসূচি চূড়ান্ত করা হবে।