ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে কমিশন। এ ধাপে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে ভবিষ্যতে কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন ইসি সচিব। তবে বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিশন।
এ ছাড়া ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশনের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ধাপে ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।