রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 06, 2026
বিনোদন
বিনোদন

চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগে অভিনেতা-অভিনেত্রী গ্রেপ্তার

Published: November 06, 2026 at 01:51 PM
চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগে অভিনেতা-অভিনেত্রী গ্রেপ্তার

ভারতের কেরালার কোচি থেকে মালায়ালাম সিনেমার অভিনেত্রী অতুল্য চন্দ্র ও অভিনেতা বিবিন পেরুমপলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক চিকিৎসককে মারধর এবং তাঁর কাছ থেকে মুঠোফোনসহ প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে গতকাল তাঁদের গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া সিটি জানিয়েছে, এ ঘটনায় মোট ১২ জন জড়িত ছিলেন। অভিযোগকারী চিকিৎসক এরনাকুলামের কুরিকাডের বাসিন্দা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ নভেম্বর চিকিৎসককে ফোন করে জানানো হয়, অভিযুক্তদের একজনের আত্মীয় অসুস্থ। খবর পেয়ে তিনি এরনাকুলাম জেলার ভাইটিলা এলাকার একটি ফ্ল্যাটে যান। সেখানে পৌঁছে অতুল্য চন্দ্রসহ প্রায় ১২ জনকে দেখতে পান। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় এবং সঙ্গে থাকা দুটি মুঠোফোন, একটি স্মার্টওয়াচ ও ইয়ারবাড ছিনিয়ে নেওয়া হয়। এসব জিনিসের মোট মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি।

তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। কাদাভানথ্রা থানার তদন্তকারী কর্মকর্তা অনমনোরামা বলেন, ‘আমরা এখন পর্যন্ত পুরো ঘটনা বুঝে উঠতে পারিনি। অভিযুক্তরা ঘটনার সম্পূর্ণ ভিন্ন বর্ণনা দিচ্ছেন। তবে তা এখনো যাচাই করা হয়নি। তাই এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’

ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। এমনকি এ ঘটনায় হানিট্র্যাপের কোনো পরিকল্পনা ছিল কি না, সেই সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

অভিনেত্রী অতুল্য চন্দ্র বেশ কয়েকটি মালায়ালাম সিনেমায় অভিনয় করেছেন। ‘ডাইজ ইরে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘গানাগন্ধর্বন’ (২০১৯), ‘ইন্নালে ভার’ (২০২২), ‘ও বেবি’ (২০২৩) ও ‘উইর’ (২০২৬) সিনেমায়ও অভিনয় করেছেন এই অভিনেত্রী।