চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। আর ১ ডিসেম্বর থেকে শুরু হবে চাল সংগ্রহ কার্যক্রম। ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
তিনি বলেন, ‘আমরা ৩ লাখ টন আমন ধান সংগ্রহের কথা বলেছি। তবে এর চেয়েও বেশি হতে পারে। কোনো কৃষক যদি আমাদের কাছে আরও ধান বিক্রি করতে চান, সে ক্ষেত্রে ৩ লাখ টনের বেশি কেনার ব্যবস্থাও রাখা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী সবসময় বলেছেন, কৃষকের যেন কোনো ক্ষতি না হয়। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
আফরোজা খানম বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আসন্ন আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুত, সরকারি বিতরণ এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের জন্য কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা।
খাদ্যমন্ত্রী জানান, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই এবারের আমন সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত আমন মৌসুমে সরকার প্রতি কেজি ৩৪ টাকা দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল এবং ৪৯ টাকা দরে আতপ চাল সংগ্রহ করেছিল।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।