চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ২৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে, চারজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৭৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় সরকারি হাসপাতালগুলোতে মোট ৩ হাজার ৮৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে জেলা হাসপাতালে ৩ হাজার ১৮৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩২ জন ভর্তি হন।
এ ছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে আরও ২ হাজার ৪৩০ জন সাধারণ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলা হাসপাতাল থেকে ২২১ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।