সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 23, 2026
November 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে নানা কর্মসূচি

Published: November 23, 2026 at 03:47 PM
চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে নানা কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৬ পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। শিশুদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, বিজয় মেলাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হবে দিবস দুটি।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬’ উদ্‌যাপনের প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

সভায় জানানো হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রেহাইচরে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাতস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচি অনুযায়ী, বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের নামসংবলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সময়ে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে। এছাড়া জেলার সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ৯টায় নতুন জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ। বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হবে। পাশাপাশি ফুটবল, টি-টোয়েন্টি ক্রিকেট, কাবাডি ও হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. এ এস এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।