চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় জেলাটিতে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। এর আগে কয়েকদিন আক্রান্তের সংখ্যা কম থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সংক্রমণ। ফলে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীর চাপ কমছে না।
নতুন আক্রান্তদের মধ্যে ২০ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ৩ জন, নাচোলে ১ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ২৬ জন ডেঙ্গু রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ জন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে দুজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, নতুন আক্রান্ত, সুস্থ হয়ে বাড়ি ফেরা এবং স্থানান্তরের পর বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৭৫ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৪৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, গোমস্তাপুরে ১০ জন, নাচোলে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদন থেকে সোমবার এ তথ্য জানা গেছে।