বাল্যবিবাহ
প্রতিরোধ এবং শিশুর প্রতি সব ধরনের সহিংসতা
বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে
কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়ন পরিষদে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ওয়ার্ল্ড ভিশন
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের (এপি) স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (ঝঝইঈ) প্রকল্পের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন অংশীজন ও প্রভাব বিস্তারকারীদের
নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম। সংলাপে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিয়াড় ধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমান, সরজন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি শ্রী নারায়ণ চন্দ্র এবং অভিভাবক জালাল উদ্দিন। এ ছাড়া ওয়ার্ল্ড
ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এপির এসএসবিসি প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল বক্তব্য দেন। অনুষ্ঠানে স্থানীয় ইমাম, শিক্ষক, অভিভাবক ও ইউনিয়ন পরিষদের
সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির
বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, বাল্যবিবাহ ও শিশুর প্রতি
সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও সমাজের সবাইকে
সচেতন করার পাশাপাশি বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ইউনিয়ন পর্যায়ে শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত
করতে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিয়াড়
ধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমান বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষাজীবন ব্যাহত করে এবং তাদের স্বাভাবিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা, ঝরে পড়া রোধ এবং বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা শিশুদের বিষয়ে অভিভাবকদের সচেতন করা জরুরি।
সরজন
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসঙ্গে
কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের
ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। কোনো শিশু যেন নির্যাতন বা বৈষম্যের শিকার
না হয়, সে বিষয়ে সবাইকে
সতর্ক থাকতে হবে।
গোবরাতলা
বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান বলেন, মেয়েশিশুদের শিক্ষা ও অধিকার নিশ্চিত
করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাল্যবিবাহের পরিবর্তে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ দিতে হবে। এ জন্য অভিভাবকদের
দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।
মানবিক
উন্নয়ন সংস্থার প্রতিনিধি শ্রী নারায়ণ চন্দ্র বলেন, শিশু সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা
বাড়াতে হবে। শিশুদের প্রতি সহিংসতা, অবহেলা ও বৈষম্য প্রতিরোধে
স্থানীয় পর্যায়ে সামাজিক উদ্যোগ গড়ে তোলা প্রয়োজন।
অভিভাবক
মো. জালাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে
হবে। বাল্যবিবাহের মতো ক্ষতিকর সিদ্ধান্ত থেকে বিরত থেকে সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশের
প্রতি গুরুত্ব দিতে হবে।
এসএসবিসি
প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মণ্ডল তাঁর বক্তব্যে বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতিকর
প্রভাব এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন
প্রতিরোধ শুধু কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির একার
দায়িত্ব নয়। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি,
শিক্ষক, ইমাম, অভিভাবক, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়; এর পাশাপাশি পরিবার
ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।
তিনি
আরও বলেন, শিশুদের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং তাদের জন্য নিরাপদ, সহিংসতামুক্ত ও শিশুবান্ধব পরিবেশ
নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহের কোনো ঘটনা বা শিশুর প্রতি
নির্যাতনের আশঙ্কা দেখা দিলে তা উপেক্ষা না
করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। স্থানীয় পর্যায়ে সবাই সচেতন ও সক্রিয় হলে
শিশুদের অধিকার রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পরিবর্তন আনা সম্ভব।
সংলাপে
বক্তারা বলেন, প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা ও সুন্দরভাবে বেড়ে
ওঠার অধিকার রয়েছে। এসব অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়; পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত
দায়িত্ব।
সংলাপের
মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুর প্রতি সব ধরনের সহিংসতা
বন্ধে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।