রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published: November 22, 2026 at 02:52 PM
চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়নাধীন এসএমএআরটি প্রকল্পের আওতায় ‘ট্রেনিং অন ক্লাইমেট ভালনারেবিলিটি (আরইসিপি) অ্যান্ড এনভায়রনমেন্টল ম্যানেজমেন্ট’ শীর্ষক পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলাশহরের শান্তিমোড়ে প্রয়াস হসপিটালের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক এই প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন ও পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

 

সেশনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়, পরিবেশ দূষণের বিভিন্ন উৎস ও কারণ, দূষণ প্রতিরোধে করণীয়, সম্পদের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এ সময় উপস্থিত আমচাষি ও উদ্যোক্তাদের কৃষি ও শিল্প কার্যক্রমে পরিবেশগত ঝুঁকি হ্রাস, সার ও কীটনাশকের দায়িত্বশীল ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং জলবায়ু সহনশীল কার্যক্রম গ্রহণের বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে ব্যক্তি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব এবং ভবিষ্যৎ করণীয় ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ও পরিবেশবান্ধব কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

জলবায়ু সহনশীল কৃষি, সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থাই পারে একটি নিরাপদ, সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে বলে উল্লেখ করা হয়।

 

প্রশিক্ষণে প্রয়াসের ডিরেক্টর (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, আঞ্চলিক ব্যবস্থাপক হান্নান সরদার, শাখা ব্যবস্থাপক তাপস কুমার, স্মার্ট প্রকল্পের এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার ইকবাল মাহমুদ, সহকারী কারিগরি কর্মকর্তা আব্দুল মোতালেব, কারিগরি কর্মকর্তা রিফাত আমিন হীরা, এম আই এস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মনজিলা আক্তার সুমি উপস্থিত ছিলেন।