সোমবার ২৩ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 23, 2026
November 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আমনের ফলন ভালো, তবু বৃষ্টিতে দুশ্চিন্তায় চাঁপাইনবাবগঞ্জের কৃষক

Published: November 23, 2026 at 03:46 PM
আমনের ফলন ভালো, তবু বৃষ্টিতে দুশ্চিন্তায় চাঁপাইনবাবগঞ্জের কৃষক

চাঁপাইনবাবগঞ্জে এবার আমন ধানের ফলন ভালো হলেও ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। কোথাও কোথাও জমিতে পানি জমে নুয়ে পড়েছে পাকা ধান। এতে ধান ও খড় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ভালো ফলনের প্রত্যাশা নিয়ে মৌসুম শুরু করা কৃষকদের মুখে এখন দুশ্চিন্তার ছাপ।

গত রবিবার দিনভর রোদ থাকলেও রাতে আবারও বৃষ্টি শুরু হয়। সোমবারও বৃষ্টিপাত অব্যাহত থাকায় মাঠে পড়ে থাকা কাটা ধান শুকানো সম্ভব হয়নি। এতে ফসল ঘরে তোলা নিয়ে নতুন করে শঙ্কায় পড়েছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত রবিবার থেকে সোমবার পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ মিলিমিটার। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৩ মিলিমিটার, শিবগঞ্জে শূন্য, গোমস্তাপুরে ১০, নাচোলে শূন্য এবং ভোলাহাটে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সোমবার সদর উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেত ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরুর আগে যেসব জমির পাকা ধান কেটে শুকানোর জন্য রাখা হয়েছিল, সেগুলোর বেশির ভাগই বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। কোথাও কোথাও কাটা ধান পানিতে নিমজ্জিত। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া এবং খড় পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম রোববার জানিয়েছিলেন, জেলায় প্রায় ৮০০ হেক্টর জমির ধান বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।


নাচোলে কাটা ধান নিয়ে বিপাকে কৃষক

নাচোল প্রতিনিধি জানান, উপজেলায় টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে মাঠে কেটে রাখা পাকা আমন ধান ভিজে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধান কাটার ভরা মৌসুমে এমন বৃষ্টিতে জমিতে স্তূপ করে রাখা কাটা ধান ও হেলে পড়া ধানের শীষ নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা। একই সঙ্গে ব্যাহত হচ্ছে গ্রামীণ জনজীবন ও শ্রমজীবী মানুষের আয়-রোজগার।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। নিম্নাঞ্চল ও ফসলের মাঠে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এখনো যেসব জমির ধান কাটা হয়নি, সেগুলোও নুয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ সময় ধান পানিতে ভিজে থাকলে শীষে পচন ধরা, দানা নষ্ট হওয়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।

কৃষকরা জানান, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে বিপুল অর্থ ব্যয় করে তাঁরা আমন আবাদ করেছেন। ফসল ঘরে তুলে বিক্রি করে ঋণ পরিশোধ ও সংসারের খরচ মেটানোর পরিকল্পনা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

নাচোলের কৃষ্ণপুর গ্রামের কৃষক আমির হোসেন বলেন, অনেক খরচ করে আমন ধান চাষ করেছেন। এখন ধান ঘরে তোলার সময়ে জমিতে পানি জমে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

কৃষক মনিরুল ইসলাম বলেন, পাকা আমন ধান কাটার সময়ে টানা বৃষ্টি তাঁদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের পাশাপাশি খড়ও ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি আগামী দিনে গবাদিপশুর খাদ্যসংকট তৈরি হতে পারে।

বৈরী আবহাওয়ার কারণে ধান কাটা, মাড়াই, শুকানো ও ঘরে তোলার কাজে বাড়তি শ্রম ও অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের।

নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের গাছ ও দানার অবস্থা ভালো ছিল। আগাম গম ও সরিষা আবাদের লক্ষ্যে কৃষকরা নভেম্বরের প্রথম দিক থেকেই ধান কাটা শুরু করেন। এরই মধ্যে অধিকাংশ জমির ধান কাটা হয়েছে। তবে টানা তিন দিনের বৃষ্টিতে কেটে রাখা ধান মাঠে ভিজে রয়েছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং ভিজে যাওয়া ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। আকাশ পরিষ্কার হলে আক্রান্ত ফসলের অবস্থা স্বাভাবিক হতে পারে বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

তবে স্থানীয় কৃষকদের দাবি, মাঠপর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি ভিজে যাওয়া ধান শুকানো ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে।


গোমস্তাপুরে ৬৪২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত

গোমস্তাপুর প্রতিনিধি জানান, কয়েক দিনের টানা ও থেমে থেমে চলা বৃষ্টিতে উপজেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা করেছিলেন কৃষকরা। কিন্তু ধান কাটার ভরা মৌসুমে বৈরী আবহাওয়ায় তাঁদের সেই প্রত্যাশায় ভাটা পড়েছে।

উপজেলার রহনপুর পৌরসভাসহ আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমিতে বৃষ্টির পানি জমেছে। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু জমি ও বিলসংলগ্ন এলাকায় পানি আটকে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতে রেখেছিলেন। কিন্তু বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় সেসব ধান শুকানো যাচ্ছে না। দীর্ঘ সময় ভিজে থাকলে শীষ থেকে ধান ঝরে পড়া এবং দানার গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

রহনপুর ইউনিয়নের কৃষক আতিক বাবু জানান, তাঁর পাঁচ বিঘা জমির ধান কাটার কাজ চলছিল। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান মাঠেই পড়ে আছে। প্রতিকূল আবহাওয়ায় শ্রমিক পাওয়া যাচ্ছে না। যাঁরা কাজ করতে রাজি হচ্ছেন, তাঁরা বাড়তি মজুরি দাবি করছেন।

তিনি বলেন, হঠাৎ বৃষ্টিতে কাটা ধান মাঠে পড়ে আছে। রোদ না থাকায় ধান শুকানো যাচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি খড়ও পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তিনি।

রাধানগর ইউনিয়নের কৃষক ইমদাদুল হক বলেন, বৃষ্টি ও বাতাসে তাঁর জমির পাকা ধান পড়ে গেছে। পাশাপাশি ক্ষেতেও পানি জমেছে। কাদা ও জলাবদ্ধতার মধ্যে কীভাবে ধান কাটবেন এবং ঘরে তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

তিনি আরও বলেন, সারা বছর কষ্ট করে ফসল ফলিয়েছেন। ধান ঘরে তুলে ঋণ পরিশোধ ও সংসারের খরচ মেটানোর পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষকদের আশঙ্কা, কাটা ধানের পাশাপাশি জমিতে দাঁড়িয়ে থাকা হেলে পড়া ধান থেকেও ফলন কমে যেতে পারে। একই সঙ্গে খড় পচে যাওয়া এবং পরবর্তী শীতকালীন ফসলের জন্য জমি প্রস্তুতের কাজ পিছিয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ধরনের ফসলের ৬৪২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বাড়তে পারে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের কাজ চলছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

তিনি কৃষকদের জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য নালা কাটার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি কাটা ধান ও খড় দীর্ঘ সময় পানিতে ডুবে না রাখা এবং আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান মাড়াই করে ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন।