চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই মাদক কারবারি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সদর মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দের দিকনির্দেশনায় এসআই আইনুল হক ও এএসআই আব্দুল মোতালেব সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দিয়াড় ধাইনগর এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই মাদক কারবারি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।