বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 25, 2026
November 25, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Published: November 25, 2026 at 12:33 PM
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) সকালে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে শহরের চৌমুহনী সড়কসংলগ্ন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন দুটির জেলা সভাপতি ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসা. আকসানা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের হয়রানি, সাইবার বুলিং ও অনলাইন সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম এবং নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু একটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।