রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

Published: November 08, 2026 at 03:04 PM
গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চারটি ইটভাটারই চিমনি ও কিলন ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স সেবা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভাটাটির বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়। পাশাপাশি চিমনি ও কিলন পুরোপুরি ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অন্যদিকে মেসার্স এ আর বি ব্রিকসকে ৬ লাখ এবং মেসার্স টিজিবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ দুটি ইটভাটার চিমনি ও কিলনও পুরোপুরি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ ছাড়া জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।