হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার তারা ভারতকে ছয় উইকেটে হারিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি গ্রুপ পর্বের দুটি ম্যাচেই হেরে মূল শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল তারা। ফলে ‘গ্রুপ সি’-তে টানা দুটি জয় তুলে নিল আমিরাত। এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ছয় ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের হয়ে রাহুল ত্রিপাঠি ৭ বলে করেন সর্বোচ্চ ২৪ রান। এছাড়া টি নটরাজন ১৪ বলে ৩৮ রান করেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা। অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া ৮ বলে ১৫ রান করেন। সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলী তিনটি উইকেট নেন। এছাড়া মুহাম্মদ ফারুক ও মোহাম্মদ ফারাজউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাত কোনো বেগ পেতে হয়নি। অধিনায়ক খালিদ শাহ এবং অংশ ট্যান্ডনের উদ্বোধনী জুটি দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান। খালিদ শাহ ১৪ বলে ৫২ রান করেন এবং অংশ ট্যান্ডন ১২ বলে ৩৯ রানের সুবাধে ৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এর আগে পাকিস্তান-এর বিপক্ষে ১ উইকেটের নাটকীয় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত। সেই ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন খালিদ শাহ। তিনি ২০ বলে ৭১ রান করেছিলেন, যার সুবাদে আমিরাত ১০৭ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয়। ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদি ১৩ বলে ৫৩ রান করেছিলেন।
১২ দলের এই টুর্নামেন্টটি তিনটি করে দলের চারটি গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের বিজয়ী দল ‘কাপ সেমিফাইনাল’-এ জায়গা করে নেয়, রানার্স-আপ দলগুলো খেলে ‘প্লেট সেমিফাইনাল’-এ এবং তৃতীয় স্থানে থাকা দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করে ‘বোল সেমিফাইনাল’-এ। শনিবার অনুষ্ঠিত হবে কাপ সেমিফাইনালগুলো আর বিজয়ী দলগুলো রবিবার ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে নামবে।
‘গ্রুপ এ’-তে শীর্ষস্থান অর্জন করা অস্ট্রেলিয়া এখন সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী চ্যালেঞ্জ। ফাইনালে ওঠার লড়াইয়ে আমিরাতকে শক্তিশালী অজিদের মুখোমুখি হতে হবে।