বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

Published: October 08, 2026 at 03:51 PM
গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

সভায় পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, সাংবাদিক আতিকুল ইসলাম এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সুমন সাহা ও মিঠু চক্রবর্তী বক্তব্য দেন।

বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটি ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো অপশক্তি যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

সভায় জানানো হয়, গোমস্তাপুর উপজেলার আটটি ইউনিয়ন ও রহনপুর পৌরসভার মোট ৩২টি দুর্গামন্দিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, “প্রতিটি ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুন্দরভাবে উদ্‌যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব।”

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার-ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।