‘আপনার চোখকে ভালোবাসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সহসভাপতি মো. সাদেকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নানসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউসুফ আলী।
আলোচনায় বক্তারা বলেন, প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়। অন্ধত্ব দূর করা, চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি হ্রাসের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।
তারা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। তাই চোখের সুরক্ষায় নিয়মিত যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে সবার জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও জানান, মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সচেতনতার গল্পের মাধ্যমে বিশ্বজুড়ে চোখের যত্নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। এ বছর বিশ্বব্যাপী চোখের যত্ন নেওয়ার বিষয়ে ৫০ লাখ অঙ্গীকার বা প্রতিজ্ঞা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে স্বল্পমূল্যে বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।