বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 08, 2026
October 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অভিযান অব্যাহত

Published: October 08, 2026 at 03:22 PM
ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অভিযান অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের গঠিত আটটি টিম বৃহস্পতিবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একযোগে এ অভিযান পরিচালনা করে। এ সময় এডিস মশার লার্ভা শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ধ্বংসের পাশাপাশি লার্ভিসাইড স্প্রে ও ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন সংশ্লিষ্ট টিমের সদস্যরা।

পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ধানুর মোড়, আজাইপুর ও আরামবাগের আংশিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টিম-১। অভিযানের সময় কয়েকটি স্থানে এডিস মশার লার্ভা শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়। সিভিল সার্জনের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে টিম লিডার ও পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামের নেতৃত্বে টিম-২ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা ও একটি বস্তিতে অভিযান চালায়। এ সময় কয়েকটি বাড়ির সামনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে টিম-৩, ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এনএসআই কার্যালয়, সমাজসেবা অফিস, সরকারি শিশু পরিবারসহ আশপাশের এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এ ছাড়া টিম-৪ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিপুর, উপররাজারামপুর তাঁতিপাড়া, সিদ্দিক বিশ্বাসপাড়া ও মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। টিম-৫ রেহাইচরের পেছনের এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করে। টিম-৭ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর-ঘোষপাড়া, উজ্জ্বলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একইভাবে অন্যান্য ওয়ার্ডেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে নাগরিকদের সচেতন হওয়া জরুরি। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।