চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ মোঃ আবু বাক্কার (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে ভোলাহাট থানাধীন ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নের কালীনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় কালীনগর গ্রামের নিজ বসতবাড়ি থেকে মোঃ আবু বাক্কারকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবু বাক্কার কালীনগর গ্রামের মোঃ এরফান আলীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ভোলাহাট থানা পুলিশ। পাশাপাশি মাদক নির্মূলে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।