চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩১ জন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন রোগী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, গোমস্তাপুরে ৩ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে ডেঙ্গু শনাক্ত হওয়া ১২ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ৭৮ জন রোগীর মধ্যে জেলা হাসপাতালে ৫১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, গোমস্তাপুরে ১৩ জন, নাচোলে ৪ জন এবং ভোলাহাটে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪ হাজার ৩৩৮ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে জেলা হাসপাতালে ৩ হাজার ৫০৪ জন, শিবগঞ্জে ২৫৭ জন, গোমস্তাপুরে ২৭৪ জন, নাচোলে ১৩৪ জন এবং ভোলাহাটে ১৬৯ জন।
এ ছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে আরও ২ হাজার ৬৫৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।