বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 19, 2026
November 19, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

নতুন বছরে ভ্রমণের জন্য বিশ্বের সেরা গন্তব্য

Published: November 19, 2026 at 11:57 AM
নতুন বছরে ভ্রমণের জন্য বিশ্বের সেরা গন্তব্য

ভ্রমণপিপাসুদের কাছে প্রতিটি নতুন বছর মানেই নতুন কোনো জায়গা আবিষ্কারের সুযোগ। কেউ খোঁজেন প্রকৃতির অপার সৌন্দর্য, কেউ ইতিহাস ও ঐতিহ্যের টানে ছুটে যান অচেনা শহরে, আবার কারও পছন্দ স্থানীয় মানুষের জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া। তালিকায় জায়গা পেয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চল। তালিকাটি শুধু জনপ্রিয় পর্যটনকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এমন কিছু গন্তব্যও তুলে ধরা হয়েছে, যেখানে পর্যটনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি, পরিবেশ সংরক্ষণ এবং ঐতিহ্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। পাহাড়, সমুদ্র, বন, ঐতিহাসিক শহর কিংবা নিরিবিলি জনপদ র্বৈচিত্র্যে ভরা এসব গন্তব্য ২০২৭ সালের ভ্রমণ পরিকল্পনায় রাখতে পারেন পর্যটকেরা।


মাদাগাস্কার

আফ্রিকার পূর্ব উপকূলের দ্বীপদেশ মাদাগাস্কার প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ এক গন্তব্য। দেশটির বিখ্যাত বাওবাব গাছ, বিরল বন্য প্রাণী ও বৈচিত্র্যময় জীববৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। এখানকার তসিঙ্গি দে বেমারাহা ন্যাশনাল পার্ক ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ। রণপথ ধরে ভ্রমণের পাশাপাশি রানোমাফানা ন্যাশনাল পার্ক ও আনজা রিজার্ভ ঘুরে দেখার সুযোগ রয়েছে। বিপন্ন প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে পর্যটকদের অংশগ্রহণও এ ভ্রমণের বিশেষ দিক।


কানাডা

কানাডার কুইবেক সিটি ইতিহাস, স্থাপত্য ও প্রকৃতির মেলবন্ধনে অনন্য। শহরটির পুরোনো অংশের পাথুরে রাস্তা, ঐতিহাসিক ভবন ও ফরাসি সংস্কৃতির প্রভাব পর্যটকদের অন্য রকম অভিজ্ঞতা দেবে। ২০২৬ সালে পুরো শহরটি ইউনেসকোর জীবমণ্ডল সংরক্ষণ এলাকা হিসেবে স্বীকৃতি পেয়েছে। শীতকালে বরফে ঢাকা সেন্ট লরেন্স নদীতে আইস-ক্যানোয়িংয়ের মতো ব্যতিক্রমী অভিজ্ঞতাও নেওয়া যায়। একই দেশের আলবার্টা প্রদেশও তালিকায় রয়েছে। সেখানে জ্যাসপার ন্যাশনাল পার্কের হিমবাহ, নীল হ্রদ ও পাহাড়ি পথ পর্যটকদের মুগ্ধ করবে। ২০২৭ সালে দাবানলে ক্ষতিগ্রস্ত পার্কটির বিভিন্ন পর্যটন সুবিধা ও পথ নতুন করে চালুর পরিকল্পনা রয়েছে।


জাপান

জাপানের ইসে-শিমা উপদ্বীপে ২০২৭ সালে অনুষ্ঠিত হবে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি ২০ বছর পরপর আয়োজিত ‘ওকিহিকি’ অনুষ্ঠানে স্থানীয়রা বিশাল সাইপ্রেস গাছের গুঁড়ি টেনে নিয়ে যান মন্দির পুনর্নির্মাণের জন্য। আগামী বছরের মে থেকে আগস্টের নির্দিষ্ট সময়ে এ আয়োজন দেখতে পারবেন পর্যটকেরা। পাশাপাশি ইসে জিঙ্গু মন্দির, ইসে-শিমা ন্যাশনাল পার্ক ও উপকূলীয় এলাকার সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে। জাপানের আরেক আকর্ষণ নাগাতো ইউমোতো ওনসেন। ২০২৭ সালে ঐতিহ্যবাহী এ উষ্ণ প্রস্রবণকেন্দ্রের ৬০০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, আলোকসজ্জা ও ঐতিহ্যবাহী স্নানের অভিজ্ঞতা নিতে পারবেন ভ্রমণপিপাসুরা।


সেন্ট হেলেনা

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ সেন্ট হেলেনা। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মাঝামাঝি অবস্থিত এ দ্বীপের আগ্নেয়গিরির পাহাড়, নির্জন উপকূল ও ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। দ্বীপটির রাজধানী জেমসটাউনে রয়েছে জর্জিয়ান আমলের স্থাপত্য। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি এখানে প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘ওয়ার্ল্ডস মোস্ট রিমোট ম্যারাথন’। হাইকিং, কায়াকিং ও খোলা সমুদ্রে সাঁতারের মতো অভিজ্ঞতাও নেওয়া যাবে। পর্যটনের মাধ্যমে দ্বীপটির স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবিকা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।


ব্রাজিল

ব্রাজিলের সালভাদর শহর ২০২৭ সালে ফিফা নারী বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি। দেশটির প্রথম রাজধানী হিসেবে পরিচিত এ শহরে রয়েছে আফ্রিকান ঐতিহ্য, সংগীত, নৃত্য ও বৈচিত্র্যময় খাবারের সমৃদ্ধ সংস্কৃতি। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের অংশ পেলোরিনিয়ো এলাকায় দেখা মিলবে পুরোনো ঔপনিবেশিক ভবন, গির্জা ও পাথুরে রাস্তার। শহর থেকে নৌকায় করে ইলহা দোস ফ্রাদেস দ্বীপেও যাওয়া যায়। সেখানে স্বচ্ছ পানিতে সাঁতার, পাহাড়ি দৃশ্য ও স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে।


যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ওকেফেনোকি জলাভূমি প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রিয়দের জন্য আকর্ষণীয় গন্তব্য। উত্তর আমেরিকার বৃহত্তম ব্ল্যাকওয়াটার জলাভূমিগুলোর একটি এটি। জলাভূমির ভেতর দিয়ে নৌকায় ঘুরে দেখা, বন্য প্রাণী পর্যবেক্ষণ ও রাতের আকাশে তারার মেলা উপভোগ করা যায়। এখানে নির্দিষ্ট স্থানে রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে জায়গাটি হতে পারে চমৎকার পছন্দ।


ফ্রান্স

ফ্রান্সের বুরগুন্ডি অঞ্চল পরিচিত আঙুরের বাগান, ঐতিহাসিক গ্রাম ও খাবারের জন্য। তবে ২০২৭ সালে এ অঞ্চল ভ্রমণের বাড়তি কারণ রয়েছে। ফটোগ্রাফির ২০০ বছর পূর্তি উপলক্ষে চ্যালোঁ-সুর-সোন শহরে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। বিশ্বের প্রাচীনতম টিকে থাকা ক্যামেরায় তোলা একটি ছবি সেখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ডিজঁ শহরের পুরোনো স্থাপনা, স্থানীয় বাজার ও বিখ্যাত আঙুরক্ষেত ঘুরে দেখার সুযোগ রয়েছে।


ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়কে ২০২৭ সালের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে বেছে নিয়েছে বিবিসি ট্রাভেল। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের জীবন্ত শিকড়ের সেতু, সবুজ বন, ঝরনা ও পাহাড়ি গ্রাম এ রাজ্যের বিশেষ আকর্ষণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় মানুষ গাছের শিকড় দিয়ে এসব সেতু তৈরি করেছেন। ২০২৭ সালের জাতীয় গেমস সামনে রেখে রাজ্যটিতে এক হাজার হোমস্টে তৈরি বা উন্নয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পর্যটকেরা স্থানীয় পরিবারের সঙ্গে থেকে পাহাড়ি জীবন, ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতি কাছ থেকে জানার সুযোগ পাবেন। শিলংয়ের চেরি ব্লসম উৎসবও ভ্রমণে যোগ করতে পারেন।


ঘানা

আফ্রিকার দেশ ঘানা ২০২৭ সালে স্বাধীনতার ৭০ বছর পূর্তি উদ্‌যাপন করবে। ১৯৫৭ সালে সাব-সাহারান আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা অর্জন করে ঘানা। এ উপলক্ষে দেশটিতে ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক নানা আয়োজন থাকবে। কেপ কোস্ট ও এলমিনা দুর্গ দেশটির ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। রাজধানী আক্রায় রয়েছে আধুনিক শিল্পকলা, ফ্যাশন, সংগীত ও খাবারের বৈচিত্র্য। কাকুম ন্যাশনাল পার্কের ঝুলন্ত সেতু দিয়ে বনের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতাও নিতে পারবেন পর্যটকেরা।


অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ডেইন্ট্রি রেইনফরেস্ট পৃথিবীর প্রাচীনতম গ্রীষ্মমণ্ডলীয় বনগুলোর একটি। এখানে ঘন বন, সাদা বালুর সৈকত ও বিচিত্র বন্য প্রাণীর দেখা মেলে। ক্যাসোয়ারি পাখি ও গাছে বসবাসকারী ক্যাঙ্গারুর মতো প্রাণী এ বনের বিশেষ আকর্ষণ। স্থানীয় আদিবাসী গাইডের সঙ্গে বন ঘুরে তাঁদের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সম্পর্ক জানার সুযোগ রয়েছে। গ্রেট ব্যারিয়ার রিফের কাছাকাছি হওয়ায় একই ভ্রমণে বন ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা সম্ভব।


স্লোভেনিয়া

ইউরোপের দেশ স্লোভেনিয়ার বোহিনজ অঞ্চল পাহাড়, হ্রদ ও সবুজ উপত্যকার জন্য পরিচিত। জুলিয়ান আল্পসের কোলে অবস্থিত এ এলাকায় রয়েছে বোহিনজ হ্রদ ও ত্রিগ্লাভ ন্যাশনাল পার্ক। ২০২৬ সালে চালু হওয়া নতুন সাইকেলপথে ব্লেড ও বোহিনজ হ্রদের মধ্যে ২৮ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায়। পথে দেখা মিলবে বন, ঝরনা, পুরোনো গির্জা ও পাহাড়ি গ্রামের। পরিবেশবান্ধব পর্যটন এবং স্থানীয় খাবারের অভিজ্ঞতাও এ অঞ্চলের বিশেষ আকর্ষণ।


যুক্তরাজ্য

স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জের আনস্ট ব্রিটিশ দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরের জনবসতিপূর্ণ দ্বীপ। ভাইকিংদের ইতিহাস ও প্রাচীন স্থাপনার জন্য পরিচিত এ দ্বীপে ২০২৭ সালে নতুন আকর্ষণ যোগ হতে যাচ্ছে। এখানে যুক্তরাজ্যের প্রথম লাইসেন্সপ্রাপ্ত উল্লম্ব রকেট উৎক্ষেপণ কেন্দ্র স্যাক্সাভোর্ড থেকে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। পর্যটকেরা নির্ধারিত স্থান থেকে এ দৃশ্য দেখার সুযোগ পেতে পারেন। পাশাপাশি দ্বীপটির পুরোনো দুর্গ, সমুদ্রসৈকত ও স্থানীয় জাদুঘর ঘুরে দেখা যাবে।


দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার গ্যাংওন প্রদেশ সিউলের ব্যস্ত নগরজীবন থেকে ভিন্ন এক অভিজ্ঞতা দেবে। পাহাড়, বন, বৌদ্ধ মন্দির ও সমুদ্র উপকূল এ অঞ্চলের প্রধান আকর্ষণ। সিওরাকসান ন্যাশনাল পার্কের কুয়াশাচ্ছন্ন পাহাড়ি পথ ধরে হাঁটা, জলপ্রপাত দেখা এবং নিরিবিলি মন্দিরে সময় কাটানো যায়। এ ছাড়া উপকূলীয় শহর সোকচোতে সামুদ্রিক খাবার এবং গ্যাংনুংয়ে ঐতিহ্যবাহী ডানো উৎসব উপভোগের সুযোগ রয়েছে।


ইতালি

ইতালির সার্ডিনিয়া দ্বীপ শুধু সমুদ্রসৈকতের জন্যই নয়, প্রাচীন ইতিহাস ও গ্রামীণ জীবনের জন্যও আকর্ষণীয়। দ্বীপটির ভেতরের পাহাড়ি এলাকায় রয়েছে হাজার হাজার প্রাচীন পাথরের স্থাপনা, রহস্যময় সমাধি ও ঐতিহ্যবাহী বসতি। পর্যটকেরা বিখ্যাত সৈকতের বাইরে গিয়ে বারবাজিয়া অঞ্চলের গ্রাম, স্থানীয় খাবার ও সংস্কৃতি আবিষ্কার করতে পারেন। সার্ডিনিয়ার পরিচয়, ঐতিহ্য ও গ্রামীণ অর্থনীতি টিকিয়ে রাখতে পর্যটন উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।


নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহর ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে নতুনভাবে গড়ে উঠেছে। পুনর্নির্মিত নদীতীর, হাঁটা ও সাইকেল চালানোর পথ এবং নতুন ক্রীড়া ও বিনোদনকেন্দ্র শহরটিকে নতুন পরিচয় দিয়েছে। স্থানীয় মাওরি জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতিও শহরের পুনর্গঠনে গুরুত্ব পেয়েছে। খাবারের বৈচিত্র্য এবং আশপাশের সমুদ্রসৈকত, আঙুরক্ষেত ও দক্ষিণ আল্পসের পাহাড়ি দৃশ্য পর্যটকদের বাড়তি আকর্ষণ দেবে।


রোমানিয়া

রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলের হারগিতা কাউন্টি ২০২৭ সালে ইউরোপীয় গ্যাস্ট্রোনমি অঞ্চল হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে। পাহাড়ি গ্রাম, বন ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের জন্য অঞ্চলটি বিশেষভাবে পরিচিত। এখানে ধূমায়িত মাংস, পাহাড়ি পনির, মাশরুম, আলুর রুটি ও স্থানীয় ফল দিয়ে তৈরি খাবারের স্বাদ নিতে পারবেন পর্যটকেরা। স্থানীয় অতিথিশালায় থেকে গ্রামীণ জীবন ও খাবারের সংস্কৃতি কাছ থেকে জানার সুযোগও রয়েছে।


পেরু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর কর্দিয়েরা ব্লাঙ্কা অঞ্চল বরফঢাকা পাহাড়, নীল হ্রদ ও প্রাচীন সভ্যতার নিদর্শনের জন্য পরিচিত। এখানে ৫০০টির বেশি হিমবাহ এবং উঁচু পাহাড়ি পথ রয়েছে। চার দিনের সান্তা ক্রুজ ট্রেক অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারে। এ ছাড়া লাগুনা ৬৯ হ্রদের নীল পানি ও চারপাশের পাহাড়ি দৃশ্য পর্যটকদের মুগ্ধ করবে। নতুন বিমান যোগাযোগ ও উন্নত সড়কপথের কারণে অঞ্চলটিতে যাতায়াতও আগের তুলনায় সহজ হচ্ছে।


কাজাখস্তান

মধ্য এশিয়ার কাজাখস্তানের আলমাতি শহর তিয়ান শান পর্বতমালার পাদদেশে অবস্থিত। বরফঢাকা পাহাড়, আধুনিক শিল্পকলা, ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির মেলবন্ধন এ শহরের বিশেষত্ব। ২০২৭ সালে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা থাকায় শহরটিতে যাতায়াত আরও সহজ হতে পারে। আলমাতি মিউজিয়াম অব আর্ট ও সেলিনি সেন্টার অব কনটেম্পরারি কালচারে সমকালীন শিল্পকর্ম দেখার সুযোগ রয়েছে। আগামী গ্রীষ্মে ‘দ্য স্পিরিট অব টেংরি’ সংগীত উৎসবও পর্যটকদের আকর্ষণ করবে। ভ্রমণের আনন্দ শুধু নতুন কোনো জায়গা দেখা কিংবা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়। অচেনা মানুষের সঙ্গে পরিচিত হওয়া, ভিন্ন সংস্কৃতি জানা এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর মধ্যেই লুকিয়ে থাকে ভ্রমণের আসল অভিজ্ঞতা। তাই ২০২৭ সালের ভ্রমণ পরিকল্পনায় পরিচিত গন্তব্যের পাশাপাশি এসব বৈচিত্র্যময় জায়গাও রাখতে পারেন। তবে যেখানেই যাওয়া হোক, স্থানীয় সংস্কৃতি, পরিবেশ ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখে দায়িত্বশীল ভ্রমণ নিশ্চিত করাই হোক সবার লর্ক্ষ্য