১১ নভেম্বর, অর্থাৎ ১১/১১। তারিখের চারটি একের এই বিশেষ বিন্যাসকেই ধরা হয় একাকিত্বের প্রতীক হিসেবে। আর এ উপলক্ষেই আজ পালিত হচ্ছে ‘সিঙ্গেলস ডে’।
অবশ্য সিঙ্গেলস ডে মানে মন খারাপ করে বসে থাকা নয়। বরং উল্টোটা। নিজের পছন্দের খাবার খাওয়া, ইচ্ছেমতো ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা নিজের জন্য উপহার কেনা—সবই হতে পারে উদযাপনের অংশ। মানে সহজ করে বললে, দিনটির মূল কথা সঙ্গী না থাকলেই জীবন পানসে হয়ে যায় না।
সিঙ্গেলস ডের শুরু হয়েছিল ১৯৯০-এর দশকে, চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে। চার অবিবাহিত শিক্ষার্থী একা থাকার আনন্দ উদযাপনের জন্য ১১ নভেম্বর দিনটিকে বেছে নেন। তারিখের চারটি ১ তাদের ভাবনার সঙ্গে বেশ মিলে যায়। শুরুতে দিনটির নাম ছিল ‘ব্যাচেলরস ডে’। পরে নারী-পুরুষ সবার মধ্যেই ছড়িয়ে পড়ে এই আয়োজন। তবে একা থাকার উৎসবটি যে একসময় কেনাকাটার মহোৎসবে পরিণত হয়। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডে উপলক্ষে বিশেষ ছাড়ের আয়োজন করে। কেনাকাটার ধুম পড়ে যায়। ধীরে ধীরে দিনটি বিশ্বের অন্যতম বড় অনলাইন শপিং উৎসবে পরিণত হয়।
২০১৭ সালে এই দিনে মাত্র ২৪ ঘণ্টায় আলিবাবার বিক্রি ছাড়িয়ে যায় ২৫ বিলিয়ন ডলার। সিঙ্গেলস ডে উদযাপনে সঙ্গী খোঁজার প্রয়োজন নেই। নিজের পছন্দের রেস্তোরাঁয় খেতে যাওয়া, সিনেমা দেখা, পছন্দের কিছু কেনা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েও দিনটি আনন্দময় করে তোলা যায়। চাইলে নিজের ভালো দিক ও অর্জনগুলোও লিখে রাখতে পারেন।
এক কাপ কফি, প্রিয় বই কিংবা নিজের সঙ্গে কাটানো নির্ভার বিকেলও হতে পারে বিশেষ। কারণ, জীবনে বিশেষ কেউ না থাকলেও জীবন বিশেষ হতে পারে।