বছরের শেষের উৎসব মানেই অফিসে সহকর্মীদের নিয়ে খাবারের আয়োজন। এত দিন এ ধরনের আয়োজনে পিৎজা, মিষ্টান্ন কিংবা ছোট ছোট মুখরোচক খাবারই ছিল প্রধান আকর্ষণ। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মক্ষেত্রে এবার জনপ্রিয় হয়ে উঠছে ভিন্ন এক আয়োজন-‘ডিপসগিভিং’। এতে প্রত্যেকে বাড়ি থেকে নিয়ে আসছেন একেক ধরনের ডিপ বা খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার বিশেষ সস। পরে সবাই মিলে সেসব খাবার ভাগাভাগি করে খাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হওয়া এই আয়োজন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে অফিসের ছুটির উৎসবেও।
‘ডিপসগিভিং’ মূলত প্রচলিত ‘ফ্রেন্ডসগিভিং’-এর একটি সহজ সংস্করণ। যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধুবান্ধব মিলে যে খাবারের আয়োজন করা হয়, সেটিই ফ্রেন্ডসগিভিং নামে পরিচিত। তবে সেখানে বড় খাবার রান্না কিংবা পুরো ভোজের আয়োজনের বদলে ডিপসগিভিংয়ে প্রত্যেকে নিয়ে আসেন একটি করে ডিপ। ফলে আয়োজনের প্রস্তুতি তুলনামূলক সহজ হয়, আবার খাবারের বৈচিত্র্যও থাকে।
সাম্প্রতিক বছরগুলোতে বন্ধুদের মধ্যে জনপ্রিয় হওয়া এই প্রবণতা এখন অফিসের বিরতির জায়গা বা কর্মীদের মিলনকক্ষেও ছড়িয়ে পড়ছে। সাধারণত খাবারের সঙ্গে পরিবেশন করা ডিপকে এবার আয়োজনের মূল আকর্ষণ করা হচ্ছে। শুধু ছোট প্রতিষ্ঠান নয়, বড় ব্যবসাপ্রতিষ্ঠানও এই প্রবণতায় যুক্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ওমাহাভিত্তিক পার্টি সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান ওরিয়েন্টাল ট্রেডিং কোম্পানি তাদের কর্মীদের ডিপসগিভিং আয়োজনের ভিডিও প্রকাশ করেছে। সেখানে স্ট্রবেরি ও হাবানেরো মরিচ দিয়ে তৈরি ক্রিম চিজ ডিপ, পিৎজা ডিপ এবং ক্যানোলি ডিপের মতো নানা পদ দেখা গেছে।
ফ্লোরিডার আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান গেইলি এন্টারপ্রাইজেসও আয়োজন করেছে ‘ক্রিসমাস ডিপাপালুজা’। কর্মীরা সেখানে হামুস ও পিটা রুটির মতো পরিচিত খাবার নিয়ে এসেছিলেন। তবে একজন কর্মী নিয়ম ভেঙে সরাসরি পিৎজা নিয়ে হাজির হন। এমন ব্যতিক্রমী অংশগ্রহণও আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
ডিপসগিভিংয়ের জনপ্রিয়তার পেছনে সহজ আয়োজনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেরও ভূমিকা রয়েছে। কর্মীরা নিজেদের তৈরি খাবারের ছবি ও ভিডিও প্রকাশ করছেন। কোন ডিপ সবচেয়ে সুস্বাদু, কোনটির পরিবেশন আকর্ষণীয় কিংবা কার রেসিপি সবচেয়ে অভিনব- এসব নিয়ে তৈরি হচ্ছে প্রতিযোগিতার আবহ। ফলে অফিসের সাধারণ খাবারের আয়োজনও হয়ে উঠছে আনন্দ ও সৃজনশীলতা প্রকাশের উপলক্ষ।
তবে এই প্রবণতা নিয়ে সবার উচ্ছ্বাস নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সহকর্মীদের তৈরি খাবারের পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই পাত্রে একাধিকবার চামচ বা খাবার ডুবিয়ে নেওয়ার কারণে জীবাণু ছড়ানোর আশঙ্কাও তুলেছেন অনেকে। অফিসের খাবারের আয়োজনে অন্যের রান্না খেতে অনীহা প্রকাশ করেছেন কেউ কেউ।
তারপরও ডিপসগিভিংয়ের বিস্তার দেখাচ্ছে, কর্মক্ষেত্রে উৎসব পালনের ধরন বদলাচ্ছে। বড় আয়োজনের পরিবর্তে কম প্রস্তুতিতে সবাইকে যুক্ত করার মতো সহজ ও আনন্দদায়ক ধারণার প্রতি আগ্রহ বাড়ছে। একেকজনের আনা একেক স্বাদের খাবার যেমন বৈচিত্র্য তৈরি করছে, তেমনি সহকর্মীদের মধ্যে আলাপ ও যোগাযোগের সুযোগও বাড়াচ্ছে।