মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
বিনোদন
বিনোদন

ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম

Published: November 10, 2026 at 12:26 PM
ডিসির সুপারহিরো সাম্রাজ্যে নেতৃত্ব বদল, দায়িত্বে মার্ভেলের ল্যাচাম

সুপারম্যান, ব্যাটম্যানসহ ডিসি কমিকসের জনপ্রিয় সুপারহিরোদের চলচ্চিত্র ও টেলিভিশন প্রকল্পের নেতৃত্বে বড় পরিবর্তন আনছে স্কাইড্যান্স। চার বছর দায়িত্ব পালনের পর ডিসি স্টুডিওর সহপ্রধান নির্বাহীর পদ ছাড়ছেন জেমস গান ও পিটার সাফরান। তাদের স্থলাভিষিক্ত হচ্ছেন মার্ভেল স্টুডিওর সাবেক নির্বাহী জেরেমি ল্যাচাম। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সোমবার স্কাইড্যান্স মোশন পিকচার গ্রুপ এ ঘোষণা দেয়। ল্যাচাম ডিসি স্টুডিওর প্রেসিডেন্ট ও প্রধান সৃজনশীল কর্মকর্তা হিসেবে চলচ্চিত্র, টেলিভিশন ও অ্যানিমেশন প্রকল্পের সৃজনশীল পরিকল্পনা, প্রযোজনা, শিল্পী নির্বাচন এবং কৌশলগত কার্যক্রম তদারক করবেন। তিনি স্কাইড্যান্স মোশন পিকচার গ্রুপের সহসভাপতি ডানা গোল্ডবার্গ ও জশ গ্রিনস্টেইনের কাছে প্রতিবেদন দেবেন।


মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রতিষ্ঠাকালীন দলের সদস্য ল্যাচাম ‘আয়রন ম্যান’, ‘দ্য অ্যাভেঞ্জার্স’ ও ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ চলচ্চিত্রের কাজ করতে গিয়ে জেমস গান ও পিটার সাফরানের সঙ্গেও তাঁর পরিচয় ও পেশাগত সম্পর্ক গড়ে ওঠে। ফলে ডিসির নতুন দায়িত্বে তিনি এমন একজনকে পাচ্ছেন, যিনি সুপারহিরো চলচ্চিত্র নির্মাণের বাণিজ্যিক ও সৃজনশীল- দুই দিকের অভিজ্ঞতাই রাখেন।


স্কাইড্যান্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড এলিসন এক বিবৃতিতে বলেন, জেমস গান ও পিটার সাফরান ডিসি স্টুডিওতে নতুন যুগের সূচনা করেছেন। তাঁরা প্রতিষ্ঠানটির ভিত্তি নতুন করে সাজিয়েছেন এবং ভবিষ্যতের জন্য গর্ব করার মতো প্রকল্পের তালিকা তৈরি করেছেন। তাঁদের অবদান ও নিষ্ঠার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ডিসির পরবর্তী অধ্যায় গড়ে তুলতে ল্যাচামের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অন্যদিকে গান ও সাফরান যৌথ বিবৃতিতে জানান, চার বছর আগে ডিসির সব চরিত্র ও প্রকল্পকে একটি সৃজনশীল ভাবনার অধীনে আনার লক্ষ্য নিয়ে তাঁরা কাজ শুরু করেছিলেন। তাঁদের সময়ে ‘সুপারম্যান’, ‘পিসমেকার’, ‘ক্রিচার কমান্ডোস’, ‘ল্যান্টার্নস’ ও ‘ক্লেফেস’-এর মতো চলচ্চিত্র ও ধারাবাহিক সামনে এসেছে। এই সময়ের কাজ নিয়ে তাঁরা গর্বিত বলেও জানান। নেতৃত্বের দায়িত্ব থেকে সরে গিয়ে এখন তাঁরা আবার পূর্ণ সময় সৃজনশীল কাজে মনোযোগ দিতে চান।


ডিসি স্টুডিওর নেতৃত্ব ছাড়লেও গান ও সাফরান চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক হিসেবে কাজ চালিয়ে যাবেন। তাঁদের হাতে থাকা কয়েকটি প্রকল্পেও তাঁদের সম্পৃক্ততা থাকবে। এর মধ্যে রয়েছে গানের লেখা ও পরিচালনায় নির্মিত ‘ম্যান অব টুমরো’, যা সুপারম্যান ও লেক্স লুথরের গল্পের পরবর্তী অধ্যায়। ছবিটি ২০২৭ সালের ৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ এবং ‘দ্য পিপল ভার্সেস গরিলা গ্রড’ ধারাবাহিকও রয়েছে আসন্ন প্রকল্পের তালিকায়।


ডিসি স্টুডিওর নেতৃত্বে এই পরিবর্তন এমন এক সময়ে এলো, যখন সুপারহিরো চলচ্চিত্রের বাজারে মার্ভেলের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে প্রতিষ্ঠানটি। গানের পরিচালনায় ‘সুপারম্যান’ বিশ্বজুড়ে ৬১ কোটি ৮০ লাখ ডলারের বেশি আয় করলেও ‘সুপারগার্ল’ প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিপরীতে মার্ভেলের ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ চলতি বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য পেয়েছে। বিশ্লেষকদের মতে, মার্ভেলের অভিজ্ঞ নির্বাহীকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ডিসি সুপারহিরো প্রকল্পগুলোর বাণিজ্যিক সাফল্য বাড়ানোর পাশাপাশি নিজস্ব সৃজনশীল পরিচয় ধরে রাখার চ্যালেঞ্জের মুখে পড়বে।


স্কাইড্যান্সের অধীনে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ও প্যারামাউন্টের একীভূত হওয়ার পর ডিসি স্টুডিওতে এটিই বড় নেতৃত্ব পরিবর্তন। নতুন ব্যবস্থাপনায় ডিসির ভবিষ্যৎ চলচ্চিত্র ও ধারাবাহিকের পরিকল্পনা কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে ভক্ত ও চলচ্চিত্রশিল্পের।