চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী বাজারে মাদকের বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে মাদকের অপব্যবহার ও বিক্রি বন্ধ এবং বিক্রেতা ও সেবীদের বয়কটের দাবি জানানো হয়। উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার বিকেলে দলমত নির্বিশেষে আয়োজিত এ মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আবু তালেব, মাওলানা মো. আলম আলী, মো. তাসেম আলী, কেতাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিশিষ্ট ব্যবসায়ী মো. তাসেম আলী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধও বাড়াতে হবে। সেই সাথে কানসাট-চৌডালা সড়কে যারা ডাকাতি করে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। নইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এলাকাবাসী।
আলহাজ আবু তালেব পুলিশকে আরো আন্তরিক হবার অনুরোধ জানিয়ে বলেন, সন্ধ্যা হলে মানুষ এ রাস্তা দিয়ে চৌডালা আর যেতে পারে না। তিনি বলেন, যারা মাদক বিক্রি করে তারা এলাকার শত্রু। মাদক বিক্রেতা ও সেবীদের বয়কটের আহ্বান জানান তিনি।
শেষে ত্রিমোহনী বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।