চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও কয়লার দিয়াড় উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় হাজারবিঘি উচ্চবিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে গ্রামের স্থানীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কেরামত আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ও আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।