মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 10, 2026
November 10, 2026
বিনোদন
বিনোদন

গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

Published: November 10, 2026 at 12:31 PM
গ্রিসে কাব্য-অনিরুদ্ধের বিয়ে, যোগ দিচ্ছেন তারকারা

রজনীকান্তের অ্যাকশনধর্মী সিনেমা ‘জেলার ২’-এর সাফল্যের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাব্য মারানে। তারকা খ্যাতির কারণে বহুল প্রতীক্ষিত এই বিয়ে ঘিরে নেটিজেনদের আলোচনা যেন থামছেই না। এর মধ্যে খবর প্রকাশিত হয়েছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রজনীকান্ত ও ডিএমকে সভাপতি এমকে স্ট্যালিনসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই সপ্তাহে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-সহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রজনীকান্তকে বিমানবন্দরে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে; তার মেয়ে ঐশ্বর্য রজনীকান্তও তাদের সঙ্গে ছিলেন।


তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী স্ট্যালিন সোমবার ভোরে তার ছেলে, সাবেক উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে চেন্নাই ছেড়ে গেছেন। ‘ডিটি নেক্সট’-এর তথ্য অনুযায়ী, তারা দুবাই হয়ে গ্রিসে যাচ্ছেন। বুধবার তারা বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন এবং ১৩ নভেম্বর ভোরে দুবাই হয়ে চেন্নাইয়ে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।


চলচ্চিত্র শিল্প, রাজনীতি, ব্যবসা এবং ক্রিকেট জগতের অনেক অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। গ্রিসে আয়োজিত এই অনুষ্ঠানটি একটি ব্যক্তিগত আয়োজন হতে যাচ্ছে, যা ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া ২১ নভেম্বর চেন্নাইয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে অক্টোবরে এই সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। কাব্য মারানের বাবা-মা সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও কাভেরি মারান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (সি জোসেফ বিজয়) এবং চলচ্চিত্র জগতের আরও অনেক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।


সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণপত্রগুলো আইভরি ও হালকা নীল রঙের বাক্সে দেওয়া হয়েছে, যা ডিজাইন করেছেন রঞ্জিনী আয়েঙ্গার। ডিজাইনার জানিয়েছেন, এই নকশা তৈরির প্রক্রিয়ায় হবু দম্পতি নিজেও অংশ নিয়েছিলেন। অনিরুদ্ধ রবিচন্দর একজন সঙ্গীত পরিচালক, তিনি মূলত তামিল চলচ্চিত্রে কাজ করেন। অন্যদিকে কাব্য মারান আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘সানরাইজার্স হায়দ্রাবাদ’-এর সিইও এবং ‘সান টিভি নেটওয়ার্ক’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।