বুধবার ১১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 11, 2026
November 11, 2026
বিনোদন
বিনোদন

দুই দশক পর পুরোনো সহকর্মীকে চমকে দিলেন জ্যানেট জ্যাকসন

Published: November 11, 2026 at 10:18 AM
দুই দশক পর পুরোনো সহকর্মীকে চমকে দিলেন জ্যানেট জ্যাকসন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় নৃত্যবিষয়ক প্রতিযোগিতা ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর মঞ্চে বিশেষ এক চমক নিয়ে হাজির হলেন পপসংগীতের তারকা জ্যানেট জ্যাকসন। প্রতিযোগিতার ‘গ্র্যামি নাইট’ পর্বে অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনা দেওয়ানের জন্য পাঠানো এক ভিডিওবার্তায় পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন তিনি। প্রিয় তারকার কাছ থেকে এমন বার্তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জেনা।


গত ১০ নভেম্বর প্রচারিত অনুষ্ঠানের ওই পর্বে জেনা তার নৃত্যসঙ্গী ভ্যাল চমেরকোভস্কির সঙ্গে জ্যানেট জ্যাকসনের জনপ্রিয় গান ‘অল ফর ইউ’-এর সঙ্গে জ্যাজ নৃত্য পরিবেশন করেন। গানটি বেছে নেওয়ার পেছনে রয়েছে জেনার জীবনের বিশেষ এক অধ্যায়। একসময় জ্যানেটের সঙ্গে ব্যাকআপ নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। জ্যানেটের ‘ডাজ়ন্ট রিয়েলি ম্যাটার’ ও ‘অল ফর ইউ’ গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাঁকে।


অনুষ্ঠানে পাঠানো ভিডিওবার্তায় জ্যানেট বলেন, জেনার পরিবেশনা দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘অল ফর ইউ’ গানটি বেছে নেওয়ায় নিজের সম্মানের কথাও জানান এই সংগীতশিল্পী। এরপর তাঁদের একসঙ্গে কাজ করার সময়ের স্মৃতিচারণা করে জ্যানেট বলেন, ‘অল ফর ইউ’ ট্যুরের দিনগুলো কত আনন্দের ছিল। জেনাকে তাঁর মনে পড়ে এবং তিনি তাঁকে ভালোবাসেন বলেও জানান।


শুধু স্মৃতিচারণাই নয়, জেনা ও তার নৃত্যসঙ্গী ভ্যালের পরিবেশনা দারুণ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন জ্যানেট। লস অ্যাঞ্জেলেসে ফিরলে দুজনের আবার দেখা করার ইচ্ছার কথাও জানান তিনি।


জ্যানেটের বার্তা শুনে আবেগ ধরে রাখতে পারেননি জেনা। চোখের পানি মুছতে দেখা যায় তাকে। নিজের নৃত্যজীবনের শুরুর দিকে জ্যানেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা-ও তুলে ধরেন তিনি। জেনার ভাষায়, তার নাচের ক্যারিয়ারের সূচনা হয়েছিল জ্যানেটের হাত ধরেই। তাই গ্র্যামি নাইটের মঞ্চে জ্যানেটের গান পরিবেশন করা তার কাছে ছিল এক আবেগঘন, বৃত্তপূরণের মুহূর্ত।


জেনা ও ভ্যালের পরিবেশনা বিচারকদের কাছ থেকেও প্রশংসা পায়। বিচারক ক্যারি অ্যান ইনাবা, ডেরেক হাফ ও ব্রুনো টনিওলি তাঁদের নাচে মোট ৩০ নম্বর দেন। পরে নাচের দ্বৈরথেও জয় পান তাঁরা। তবে ভালো নম্বর ও দ্বৈরথে জয়ের পরও দর্শকদের ভোট এবং বিচারকদের সম্মিলিত ফলাফলে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় জেনা ও ভ্যালকে।


জ্যানেট জ্যাকসন ২০০১ সালে প্রকাশিত ‘অল ফর ইউ’ গানের জন্য গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। গানটি তাঁর সংগীতজীবনের অন্যতম জনপ্রিয় কাজ। অন্যদিকে, জেনা দেওয়ান ‘স্টেপ আপ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জ্যানেটের সঙ্গে কাজ করার সেই পুরোনো সম্পর্কই এবারের ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’-এর মঞ্চে নতুন করে আলোচনায় এসেছে।