বুধবার ১১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 11, 2026
November 11, 2026
খেলাধুলা
খেলাধুলা

ইরানি ফুটবল দলের বিমান নামতে দিল না ইরাক

Published: November 11, 2026 at 10:11 AM
ইরানি ফুটবল দলের বিমান নামতে দিল না ইরাক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি বিমান ইরাকের বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল-জাজিরা জানায়, ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানটিকে বসরায় নামার অনুমতি দেয়নি। বসরা বিমানবন্দরের দুই কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানটি পরে ইরানে ফিরে গিয়ে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। এরপর সড়কপথে ইরানি দলের বসরায় যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সেখানে নিযুক্ত ইরানি কনস্যুলেটের এক কর্মকর্তা।


ইরাক, ইরান, লেবানন ও ফিলিস্তিনকে নিয়ে বসরায় চার জাতির একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। সেই টুর্নামেন্টে অংশ নিতেই ইরাক যাচ্ছিল ইরান জাতীয় দল। ইরাকের একজন বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। ইরানি বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব যে বাড়ছে, এ ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছিল, ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিমানবন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এর পর ইরানের বাগদাদগামী ফ্লাইট স্থগিতের নির্দেশ দেয় ইরাক।


যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছিলেন, ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেওয়া বিমানবন্দর মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়াসহ বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। ইরানের পরিবহন খাতে নিষেধাজ্ঞা জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের লক্ষ্য দেশটির বিমান চলাচল খাতেও প্রভাব বিস্তার করা।