বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 19, 2026
November 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Published: November 19, 2026 at 03:10 PM
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন এবং জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী।

অনুষ্ঠানে কলেজের একটি অ্যাপসের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই আজকের সভ্যতা গড়ে উঠেছে। ইসলামেও নারীদের যথাযথ সম্মান দেওয়া হয়েছে। তাই নারীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটাতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, এসএসসি থেকে এইচএসসি পর্যন্ত সময় শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি সম্পর্কেও সচেতন থাকতে হবে। বিশেষ করে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এখন থেকেই ভবিষ্যৎ শিক্ষাজীবনের লক্ষ্য নির্ধারণ করে মনোযোগের সঙ্গে পড়াশোনা করতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাদক, সাইবার বুলিং ও মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকতে হবে। মোবাইল ফোন ও ইন্টারনেটের নেতিবাচক দিক এড়িয়ে শিক্ষামূলক ও ইতিবাচক বিষয়গুলো কাজে লাগাতে হবে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগ। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে সময়ের সঠিক ব্যবহার, অধ্যবসায় ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

আলোচনা পর্ব শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।