বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 19, 2026
November 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সংলাপ

Published: November 19, 2026 at 11:39 AM
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় সচেতনতামূলক সংলাপ

বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুদের প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের (এপি) স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল ইলাহী।

সংলাপে বক্তব্য দেন নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রহিমা বেগম, চরলক্ষ্মী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার, উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আরেফিন, অভিভাবক মোসা. তাসলিমা বেগম, স্থানীয় ইমাম মো. আবদুর রাজ্জাক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের কর্মকর্তা উত্তম মণ্ডল। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন সহকারী শিক্ষক মো. নাইম। এ সময় স্থানীয় অভিভাবক ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষাজীবন ব্যাহত করার পাশাপাশি তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে মেয়েশিশুদের শিক্ষা অব্যাহত রাখা, মতামতকে গুরুত্ব দেওয়া এবং ভবিষ্যৎ গড়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।

সভাপতির বক্তব্যে মো. আবদুল ইলাহী বলেন, শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব। বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষকরা তাঁদের বক্তব্যে বলেন, শিশুদের বিদ্যালয়মুখী রাখা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করা গেলে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সন্তানদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে তাদের মতামত, আগ্রহ ও স্বপ্নকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।

অন্যদিকে, স্থানীয় ইমাম মো. আবদুর রাজ্জাক শিশুদের প্রতি ভালোবাসা, যত্ন ও সহমর্মিতাপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।


এসএসবিসি প্রকল্পের কর্মকর্তা উত্তম মণ্ডল বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সম্মিলিত উদ্যোগ। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংলাপে বক্তারা আরও বলেন, প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা এবং সুন্দর পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। এসব অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ, শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং শিশুবান্ধব নিরাপদ সমাজ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।