বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 18, 2026
November 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা

Published: November 18, 2026 at 03:15 PM
চাঁপাইনবাবগঞ্জে ২১৫৫ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার, কেজি ৩৫ টাকা

চলতি আমন মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের কাছ থেকে ২ হাজার ১৫৫ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি ৩৫ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে এসব ধান কেনা হবে। তবে এখনো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।

ভারপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জেলার পাঁচটি উপজেলা থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪০৬ মেট্রিক টন, শিবগঞ্জে ২০ মেট্রিক টন, গোমস্তাপুরে ৬৬০ মেট্রিক টন, নাচোলে ৮৮৪ মেট্রিক টন এবং ভোলাহাটে ১৮৫ মেট্রিক টন ধান কেনা হবে।

মোহন আহমেদ আরও জানান, এ বিষয়ে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে উপজেলা খাদ্য কর্মকর্তাদের কাছে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট উপজেলাগুলোতে আনুষ্ঠানিকভাবে ধান কেনা শুরু হবে। ধান সংগ্রহের জন্য জেলার খাদ্যগুদামগুলো ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কৃষকের উৎপাদন খরচ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য ৩৫ টাকা এবং সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত মানের ধান সরকারি সংগ্রহ কেন্দ্রে বিক্রি করে কৃষকরা সরাসরি তাদের প্রাপ্য অর্থ পাবেন।

এদিকে স্থানীয় বাজারে বিভিন্ন জাতের ধান ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। ধান ব্যবসায়ী তৌহিদের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ৫১ জাতের ধান প্রতি মণ ১ হাজার ৭০ থেকে ১ হাজার ১২০ টাকা, নতুন মনতাজ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা, পুরোনো মনতাজ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪২০ টাকা, ৯০ জাতের ধান ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ৫০ টাকা এবং জিরাশাইল ধান ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

প্রসঙ্গত, গত বোরো মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ হাজার ৫৩৪ মেট্রিক টন ধান সংগ্রহ করেছিল সরকার।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। এসব জমি থেকে ১ লাখ ৮৪ হাজার ৮৯২ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।