নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সাড়ে ১১ মাসে ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন। এ সময় ৫৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়। এসব টহলের অংশ হিসেবে ১৪১টি সফল অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য।
জব্দ করা পণ্যের মধ্যে ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা মূল্যের মাদকদ্রব্য রয়েছে। উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা ও ২০ পুরিয়া, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল এবং ১১ লিটার বাংলা মদ।
লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকায় ৫৪০টি জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। এসব সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ অংশ নেন। সভাগুলোতে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এ ছাড়া স্বল্প আয়ের মানুষ ও বেকার যুবকদের অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে রেখে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নওগাঁ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ‘মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণ’ আয়োজন করা হয়।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সীমান্ত প্রতিষ্ঠায় ১৬ বিজিবি কাজ করে যাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।