গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মূল কমিটি’র আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রহনপুর পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনটি রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে কলোনি মোড়, মুক্তাশা হল রোড, আলহেরা ক্লিনিক মোড় ও উপজেলা চত্বরসহ স্টেশন বাজারের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এতে রহনপুর পৌর এলাকার বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধন শেষে রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন— সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ আমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা আশরাফুল হক, কৃষক দল নেতা দুরুল হুদা, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা, মাদক নির্মূল কমিটির পক্ষে শামীম রেজা ও নাসিরুদ্দিন, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল এবং মুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ অনেকে।
বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। অবিলম্বে এলাকার সকল মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।